খোয়াই, ২৫ আগস্ট: খোয়াই-বাইজলবাড়ি সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর ঘটনায় অবশেষে গ্রেফতার করা হয়েছে দুর্ঘটনায় জড়িত জ্বালানি ট্যাঙ্কার ট্রাকের চালককে। মঙ্গলবার বাইজলবাড়ি থানার পুলিশ তাকে আটক করে। একই দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়েছিল। পরে আগরতলার জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর শালিকারও।
মৃতরা হলেন রতীশ দেববর্মা ও বিল্লু দেববর্মা। গত ২০ আগস্ট বৃহস্পতিবার বিকেলে খোয়াই-বাইজলবাড়ি থানার অন্তর্গত মোহনবাড়ি টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই দিন বিকেলে রতীশ দেববর্মা তাঁর শালিকা বিল্লু দেববর্মাকে চাম্পাহাওর থানার অন্তর্গত মায়েঙবেকারিং এলাকা থেকে নিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে বাইকে রওনা হন। দুজনেই একই বাইকে ছিলেন। মোহনবাড়ি টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায় পৌঁছালে একটি জ্বালানি ট্যাঙ্কার ট্রাকের সঙ্গে তাঁদের বাইকের সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় রতীশ দেববর্মা গুরুতরভাবে আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে বিল্লু দেববর্মা গুরুতর আহত হন। খবর পেয়ে বাইজলবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায়। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুর্ঘটনার দ্বিতীয় দিন তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ট্যাঙ্কার ট্রাকটি আটক করতে বাইজলবাড়ি থানার পক্ষ থেকে সিদাই ও লেফুঙ্গা থানায় বার্তা পাঠানো হয়। সেইমতো লেফুঙ্গা থানার পুলিশ গাড়িটির সন্ধান পেয়ে সেটিকে আটক করে। তবে পুলিশকে দেখে চালক গাড়ি রেখে পালিয়ে যায় বলে জানা গেছে। এরপর দীর্ঘ তৎপরতার পর মঙ্গলবার বাইজলবাড়ি থানার পুলিশ অভিযুক্ত চালককে গ্রেফতার করতে সক্ষম হয়।
দুর্ঘটনার প্রকৃত কারণ এবং চালকের কোনও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার বিষয়ে খোয়াই মহকুমার মহকুমা শাসক দেবপ্রসাদ রায়ও বিস্তারিত তথ্য জানান।
একই দুর্ঘটনায় দুইজনের মৃত্যু এবং পরে ট্যাঙ্কার চালকের গ্রেফতারের ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।