ধর্মনগর, ২৫ আগস্ট: গাঁজা পাচার মামলায় দুই আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা করে অর্থদণ্ডের সাজা দিল আদালত। সাজাপ্রাপ্তরা হলেন দামছড়ার বাসিন্দা জয়হরি লাল চাকমা এবং পেচারতলার তালুকদারপাড়ার বাসিন্দা বিকাশ চাকমা।
সরকারি পক্ষের আইনজীবী ধ্রুব গোস্বামী জানান, ২০২২ সালের ২৩ মার্চ সন্ধ্যায় দামছড়া-খেদাছড়া সড়কের ঋষিপাড়া নাকা পয়েন্টে নিয়মিত তল্লাশি চালানোর সময় একটি অল্টো গাড়ি আটক করে পুলিশ। গাড়িটিতে তল্লাশি চালিয়ে পেছনের ডিকি থেকে প্রায় ১৫ বান্ডিল গাঁজা উদ্ধার করা হয়।
এই ঘটনায় দামছড়া থানায় মামলা দায়ের করা হয়। পরবর্তীতে মামলাটি NDPS 40/2022 নম্বরে বিশেষ আদালতে বিচারাধীন ছিল। দীর্ঘ বিচারপ্রক্রিয়ায় মোট আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।
সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনার পর আদালত দুই আসামিকেই পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা করে অর্থদণ্ডের নির্দেশ দেয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর লাজারাস লালমুদিকা ডারলংয়ের পেশাদারিত্ব ও সুচারু তদন্তের প্রশংসা করেছে উত্তর ত্রিপুরা জেলা পুলিশ। তদন্তের সময় তিনি দামছড়া থানায় এসআই (ইউবি) পদে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি উনকোটি জেলা পুলিশে কর্মরত রয়েছেন।
মাদক পাচারের বিরুদ্ধে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অপরাধীদের দ্রুত শাস্তির আওতায় আনতে তদন্ত প্রক্রিয়াকে আরও কার্যকর করার কথাও জানানো হয়েছে।