ইম্ফল, ৭ নভেম্বর: দুই কুকি যুবকের অপহরণ ও হত্যাকাণ্ডকে কেন্দ্র করে উত্তপ্ত মণিপুরের কাংপোকপি জেলায় আপাতত কিছুটা স্বস্তির ইঙ্গিত। টানা অনির্দিষ্টকালের বনধ সাত দিনের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত ঘোষণা করল Committee on Tribal Unity (CoTU)। তবে এই সাময়িক বিরতিকে আন্দোলন থেকে সরে আসা বলে মনে করতে নারাজ সংগঠনটি। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণে সরকার গ্রহণযোগ্য পদক্ষেপ না করলে আরও তীব্র আন্দোলনের পাশাপাশি পুনরায় সম্পূর্ণ বনধ শুরু করার হুঁশিয়ারি দিয়েছে তারা।
CoTU-র এই সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে গত ২৮ অক্টোবরের নৃশংস ঘটনা। অভিযোগ, তাফৌ কুকি গ্রামের দুই যুবককে অপহরণ করা হয়। পরবর্তীতে ১ নভেম্বর তাঁদের মৃতদেহ উদ্ধার হওয়ার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনার প্রতিবাদে এবং নিজেদের দাবির সমর্থনে অনির্দিষ্টকালের জন্য কাংপোকপি জেলাজুড়ে বনধের ডাক দিয়েছিল সংগঠনটি।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের সামনে শেষবারের মতো সাত দিনের সময়সীমা রাখা হয়েছে, যাতে তাদের পেশ করা দাবিসনদ বাস্তবায়নে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা যায়। এই সময়ের মধ্যে সন্তোষজনক সমাধান না এলে আন্দোলনের পরবর্তী কর্মসূচি আরও কঠোর হবে। কোনওভাবেই এই সাময়িক বনধ প্রত্যাহারকে নিজেদের অবস্থান থেকে পিছিয়ে আসা হিসেবে দেখা যাবে না বলেও স্পষ্ট করেছে CoTU।
বনধ স্থগিত থাকলেও আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখতে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে সংগঠনটি। কাংপোকপি, সাপারমেইনা এবং সাইকুল-সহ জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে গণতান্ত্রিক পদ্ধতিতে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, আন্দোলনের আরও কঠোর অবস্থান তুলে ধরে CoTU জানিয়েছে, দুই নিহত যুবকের মৃতদেহ বর্তমানে মর্গে সংরক্ষিত থাকলেও তাদের দাবি সম্পূর্ণভাবে পূরণ না হওয়া পর্যন্ত মৃতদেহ গ্রহণ করবে না সংগঠনটি।
সাত দিনের এই সাময়িক বিরতিতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও যাতায়াতে কিছুটা স্বাভাবিকতা ফেরার সম্ভাবনা তৈরি হলেও কাংপোকপির পরিস্থিতি এখনও যথেষ্ট স্পর্শকাতর। ন্যায়বিচার নিশ্চিত করা এবং দাবিসনদের পূর্ণ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার বার্তাই দিয়েছে CoTU।