চুরাইবাড়ি: অনলাইন সামগ্রী পরিবহণের আড়ালে নেশার সিরাপ পাচারের অভিযোগ। মঙ্গলবার অসমের চুরাইবাড়ি ওয়াচ পোস্টে পুলিশের রুটিন তল্লাশিতে আগরতলামুখী একটি কন্টেইনার থেকে উদ্ধার হলো ২,২৫০ বোতল এসকাফ সিরাপ। ঘটনায় কন্টেইনারের চালককে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর প্রায় ২টা নাগাদ গুয়াহাটি থেকে আগরতলার উদ্দেশে আসা AS01RC-9928 নম্বরের একটি কন্টেইনার চুরাইবাড়ি ওয়াচ পোস্টে পৌঁছায়। গাড়িটিতে অনলাইন সামগ্রী বহন করা হচ্ছিল। নিয়মমাফিক তল্লাশির সময় পুলিশের সন্দেহ হওয়ায় কন্টেইনারটি থামিয়ে তল্লাশি শুরু করা হয়।
চুরাইবাড়ি ওয়াচ পোস্টের ইনচার্জ নিরঞ্জন দাসের নেতৃত্বে তল্লাশি চালিয়ে অনলাইন সামগ্রীর মধ্যে থাকা বেশ কয়েকটি কার্টুন উদ্ধার করা হয়। পুলিশ সূত্রের দাবি, ওই কার্টুনগুলিতে ফ্লিপকার্ট ও মেশোর লোগো ব্যবহার করা ছিল। মোট ১৫টি কার্টুনের ভিতর থেকে এসকাফ সিরাপের বোতল উদ্ধার করা হয়। প্রতিটি কার্টুনে ১৫০টি করে বোতল ছিল বলে পুলিশ জানিয়েছে। সব মিলিয়ে উদ্ধার হয় ২,২৫০ বোতল।
পুলিশের হিসাব অনুযায়ী, উদ্ধার হওয়া সিরাপের আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ২২ লক্ষ ৫০ হাজার টাকা।
ঘটনায় কন্টেইনারের চালক বিপ্লব দাসকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি শ্রীভূমি জেলার বাজারীছড়া থানার অন্তর্গত রাঁধাপিয়ারী গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে NDPS আইনে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করার কথা জানিয়েছে পুলিশ।
অনলাইন পণ্য পরিবহণের আড়ালে কীভাবে বিপুল পরিমাণ নেশাজাতীয় সামগ্রী ত্রিপুরায় পাচারের চেষ্টা করা হচ্ছিল, এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না—তা খতিয়ে দেখছে তদন্তকারী পুলিশ।