Home ত্রিপুরাভিলেজ কমিটি নির্বাচন: উত্তর ত্রিপুরায় নিরাপত্তা ও ভোট প্রস্তুতি খতিয়ে দেখলেন রাজ্য নির্বাচন কমিশনার ও ভারপ্রাপ্ত DGP

ভিলেজ কমিটি নির্বাচন: উত্তর ত্রিপুরায় নিরাপত্তা ও ভোট প্রস্তুতি খতিয়ে দেখলেন রাজ্য নির্বাচন কমিশনার ও ভারপ্রাপ্ত DGP

by Debasish
0 comments 1 views

ধর্মনগরে উচ্চপর্যায়ের বৈঠক, মোতায়েন ৭৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী; উত্তর ত্রিপুরায় প্রায় সাড়ে ১২ কোম্পানি বাহিনী দায়িত্বে

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে উত্তর ত্রিপুরা জেলায় ভোটের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে পর্যালোচনা করলেন রাজ্য নির্বাচন কমিশনার ড. পি কে চক্রবর্তী এবং ত্রিপুরার ভারপ্রাপ্ত পুলিশ মহাপরিচালক জি এস রাও। বৃহস্পতিবার ধর্মনগরে উত্তর ত্রিপুরা জেলা সদর দফতরে উচ্চপর্যায়ের বৈঠকে নির্বাচনী প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি রিটার্নিং অফিসার (RO), অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার (ARO), নির্বাচন পর্যবেক্ষক, SDPO, জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট আধিকারিকরা উপস্থিত ছিলেন।

রাজ্য নির্বাচন কমিশনার ড. পি কে চক্রবর্তী জানান, কমিশনের নির্দেশিকা অনুযায়ী জেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া প্রস্তুতির বিষয়গুলি বৈঠকে পর্যালোচনা করা হয়েছে। ডিসপ্যাচ সেন্টার থেকে ভোটকর্মীদের ভোটকেন্দ্রে পৌঁছনো, নিরাপত্তা ব্যবস্থা, ভোটার সচেতনতা, ভোটের দিন নজরদারি এবং ভোটগ্রহণ শেষে ভোটকর্মীদের রিসিভিং সেন্টারে ফেরানোর প্রক্রিয়া নিয়েও আলোচনা হয়েছে।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা বাহিনী মোতায়েন, বিভিন্ন এলাকায় এরিয়া ডমিনেশন অভিযান, ভোটকেন্দ্রের নিরাপত্তা এবং যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে কমিশনকে বিস্তারিত জানানো হয়।

বৈঠক শেষে ড. চক্রবর্তী জানান, জেলার নির্বাচনী প্রস্তুতি নিয়ে কমিশন সন্তুষ্ট। শান্তিপূর্ণ ও অবাধ পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন প্রসঙ্গে তিনি জানান, ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী দায়িত্বে রয়েছে এবং বিভিন্ন এলাকায় এরিয়া ডমিনেশন ও টহল চালাচ্ছে।

ভারপ্রাপ্ত DGP জি এস রাও জানান, বৈঠকে পর্যালোচনা করা নিরাপত্তা ও নির্বাচনী প্রস্তুতি সন্তোষজনক। তবে পরবর্তী পর্যায়ের জন্য কিছু পরামর্শও দেওয়া হয়েছে। উত্তর ত্রিপুরার বেশ কিছু ভোটকেন্দ্র দুর্গম ও প্রত্যন্ত এলাকায় অবস্থিত হওয়ায় বৃষ্টির সময় রাস্তার পরিস্থিতি ভোটকর্মী ও নিরাপত্তা বাহিনীর যাতায়াতে সমস্যা তৈরি করতে পারে বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি কিছু এলাকায় মোবাইল নেটওয়ার্কের সীমাবদ্ধতার বিষয়টিও আলোচনায় উঠে আসে।

DGP জানান, ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে মোট ৭৪ কোম্পানি CRPF, CAPF, BSF, SSB ও ITBP বাহিনী পাওয়া গেছে। এর মধ্যে উত্তর ত্রিপুরা জেলায় প্রায় সাড়ে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় বাহিনী মোতায়েন করে এরিয়া ডমিনেশন ও টহল শুরু হয়েছে। গণনা পর্ব পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

You may also like

Leave a Comment