Home ত্রিপুরাদুর্গম ও জনজাতি এলাকায় মোবাইল নেটওয়ার্ক বাড়ানোর দাবি প্রতিমা ভৌমিকের

দুর্গম ও জনজাতি এলাকায় মোবাইল নেটওয়ার্ক বাড়ানোর দাবি প্রতিমা ভৌমিকের

by Debasish
0 comments 2 views

সেপাহিজলা জেলার একাধিক এলাকায় দুর্বল নেটওয়ার্ক নিয়ে কেন্দ্রের যোগাযোগমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: ত্রিপুরার দুর্গম, জনজাতি অধ্যুষিত ও সীমান্তবর্তী এলাকাগুলিতে নির্ভরযোগ্য মোবাইল পরিষেবা নিশ্চিত করার দাবি জানালেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা ত্রিপুরা পশ্চিমের প্রাক্তন সাংসদ প্রতিমা ভৌমিক। বিশেষ করে সেপাহিজলা জেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকার মোবাইল যোগাযোগ ব্যবস্থা নিয়ে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।

১ অক্টোবর কেন্দ্রীয় ডোনার ও যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য এম. সিন্ধিয়াকে লেখা চিঠিতে প্রতিমা ভৌমিক জানান, প্রত্যন্ত এলাকার বাসিন্দাদের জন্য মোবাইল সংযোগ শুধু যোগাযোগের মাধ্যম নয়, জরুরি পরিস্থিতি ও চিকিৎসা পরিষেবা পাওয়ার ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি জানান, PM-JANMAN প্রকল্পের আওতায় ত্রিপুরার মোবাইল কভারেজের জন্য চিহ্নিত ৬৫টি বসতির মধ্যে ৩০ জুন ২০২৬ পর্যন্ত ৫৭টি বসতিতে মোবাইল পরিষেবা পৌঁছেছে। এখনও আটটি বসতি সংযোগের অপেক্ষায় রয়েছে। বাকি বসতিগুলিতেও দ্রুত মোবাইল পরিষেবা চালুর জন্য কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তিনি।

পাশাপাশি সেপাহিজলা জেলার মোহনভোগ ব্লকের বিভিন্ন এলাকায় নতুন করে বসতি ও পাড়া-ভিত্তিক মোবাইল নেটওয়ার্ক সমীক্ষার দাবি তুলেছেন প্রাক্তন সাংসদ। তাঁর চিঠিতে চাঁদুল ভিসি, জগতরাম পাড়া ভিসি, তাইবান্দাল ভিসির অন্তর্গত উলুখালা, কালিখোলা ভিসি, নিদয়া জিপি এবং ভবানীপুর জিপির মতো এলাকাগুলির কথা উল্লেখ করা হয়েছে।

প্রতিমা ভৌমিকের বক্তব্য, সরকারি নথিতে কোনও গ্রাম মোবাইল কভারেজের আওতায় রয়েছে বলে উল্লেখ থাকলেও সেই গ্রামের ছোট ছোট পাড়া বা বসতিতে অনেক সময় নেটওয়ার্ক একেবারেই থাকে না, কিংবা পরিষেবা দুর্বল ও অনিয়মিত হয়। তাই বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখে যেখানে প্রয়োজন সেখানে নতুন মোবাইল টাওয়ার স্থাপন এবং নেটওয়ার্ক পরিষেবা উন্নত করার উদ্যোগ নেওয়া দরকার।

এক্ষেত্রে PM-JANMAN সহ অন্যান্য উপযুক্ত সরকারি প্রকল্পের মাধ্যমে নেটওয়ার্ক পরিকাঠামো উন্নয়নের প্রস্তাবও দিয়েছেন তিনি। পাশাপাশি জেলার ভিত্তিতে নির্দিষ্ট কর্মপরিকল্পনা তৈরি করে প্রতিটি কাজ শেষ করার সময়সীমা নির্ধারণের দাবি জানিয়েছেন।

You may also like

Leave a Comment