Home আগরতলা৫ অক্টোবর ত্রিপুরায় ভিলেজ কমিটি ভোটের গণনা, ৪৪ ব্লকে ৪৫টি কাউন্টিং হল

৫ অক্টোবর ত্রিপুরায় ভিলেজ কমিটি ভোটের গণনা, ৪৪ ব্লকে ৪৫টি কাউন্টিং হল

by Debasish
0 comments 1 views

নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী; রাউন্ডভিত্তিক ফল ঘোষণা করবেন রিটার্নিং অফিসাররা, পুরভোটের খসড়া তালিকায় ভোটার ৬.৩১ লক্ষ

আগরতলা, ২ অক্টোবর: ত্রিপুরার ৪৪টি ব্লকজুড়ে আগামী ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে ভিলেজ কমিটি (VC) নির্বাচনের ভোট গণনা। গণনা পর্ব নির্বিঘ্নে সম্পন্ন করতে ইতিমধ্যেই সমস্ত প্রস্তুতি শেষ করেছে রাজ্য নির্বাচন কমিশন। শুক্রবার আগরতলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানান রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন।

তিনি জানান, সংশ্লিষ্ট ব্লক সদর দফতর অথবা রিটার্নিং অফিসারদের নির্ধারিত স্থানে ভোট গণনা করা হবে। ৪৪টি ব্লকের জন্য মোট ৪৫টি গণনা কেন্দ্র বা কাউন্টিং হল নির্ধারণ করা হয়েছে। অধিকাংশ ব্লকে একটি করে কাউন্টিং হল থাকলেও আসন সংখ্যা বেশি হওয়ায় মনু ব্লকে দুটি কাউন্টিং হল রাখা হয়েছে।

ভোট গণনাকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী মোতায়েন করা হবে। প্রতিটি আসনের ভোট গণনা শেষ হওয়ার পর রাউন্ডভিত্তিক ফল ঘোষণা করবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা।

পুরভোটের প্রস্তুতিও শুরু

এদিকে আসন্ন পুর নির্বাচন নিয়েও প্রস্তুতি এগিয়ে নিয়ে যাচ্ছে রাজ্য নির্বাচন কমিশন। অনুরাগ সেন জানান, রাজ্যের ২১টি আরবান লোকাল বডি (ULB)-র জন্য মোট ৭৮৩টি ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে।

গত ১ অক্টোবর সংশ্লিষ্ট মহকুমা শাসক (SDM) ও অতিরিক্ত মহকুমা শাসকদের (Additional SDM) মাধ্যমে পুর নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।

খসড়া তালিকা অনুযায়ী, মোট ভোটার সংখ্যা ৬,৩১,৩৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩,০৮,৯৮৩ জন, মহিলা ভোটার ৩,২২,৩৬০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪৫ জন।

নির্ধারিত ভোটকেন্দ্রে গিয়ে ভোটাররা খসড়া তালিকা পরিদর্শন করতে পারবেন। কোনও দাবি বা আপত্তি থাকলে তা জানানোর শেষ তারিখ ৮ অক্টোবর। এরপর ১৫ অক্টোবর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার কথা রয়েছে।

রাজ্য নির্বাচন কমিশনের সচিব জানান, এখনও পর্যন্ত খসড়া ভোটার তালিকা নিয়ে কোনও লিখিত দাবি বা আপত্তি জমা পড়েনি। একইসঙ্গে পুর নির্বাচনকে সামনে রেখে গোটা ভোটগ্রহণ প্রক্রিয়ার ভিডিওগ্রাফি এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের প্রস্তুতিও নেওয়া হয়েছে।

You may also like

Leave a Comment