Home আগরতলাবৃষ্টির সুযোগে যুবকের বাইক চুরি, পুলিশের দ্বারস্থ মালিক

বৃষ্টির সুযোগে যুবকের বাইক চুরি, পুলিশের দ্বারস্থ মালিক

by Debasish
0 comments 7 views

বামুটিয়া: ভারী বৃষ্টির সুযোগ নিয়ে বাড়ির উঠোন থেকে যুবকের ছয় মাসের পুরনো বাইক চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বামুটিয়া এলাকায়। চুরি যাওয়া সাধের বাইক ফিরে পেতে পুলিশের কাছে আবেদন জানিয়েছেন বাইকের মালিক।

ঘটনাটি ঘটেছে বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত কালী বাজার সংলগ্ন সমাজ শিক্ষা কেন্দ্র এলাকায়। জানা যায়, এলাকার বাসিন্দা সুরজিৎ বিশ্বাস শনিবার রাতে তাঁর TR 01 BA 5214 নম্বরের পালসার N200 বাইকটি বাড়ির উঠোনে শিকল দিয়ে তালাবদ্ধ করে রেখেছিলেন। রাতের দিকে প্রবল বৃষ্টি হওয়ায় সেই সুযোগেই দুষ্কৃতীরা শিকল কেটে বাইকটি নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ।

রবিবার সকালে ঘুম থেকে উঠে বাড়ির উঠোনে বাইকটি দেখতে না পেয়ে হতবাক হয়ে পড়েন সুরজিৎ। আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও বাইকের কোনও সন্ধান না পেয়ে শেষ পর্যন্ত বিষয়টি পুলিশকে জানান তিনি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বামুটিয়া পুলিশ ফাঁড়ির কর্মীরা। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। আশপাশের এলাকা ও সম্ভাব্য পালানোর পথ সম্পর্কে তথ্য সংগ্রহের পাশাপাশি চুরি যাওয়া বাইক উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে বলে জানা গেছে।

এদিকে নিজের স্বপ্নের বাইকটি ফিরে পাওয়ার জন্য পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন সুরজিৎ বিশ্বাস। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি গোটা ঘটনার বিস্তারিত তুলে ধরেন এবং দ্রুত বাইকটি উদ্ধারের পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ঘটনায় এলাকায় উদ্বেগ ছড়িয়েছে। বিশেষ করে বাড়ির সামনে কিংবা বাড়ির উঠোনে বাইক রাখার ক্ষেত্রেও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এখন পুলিশের তদন্তে চুরি যাওয়া বাইকটির কোনও হদিশ মেলে কি না, সেদিকেই তাকিয়ে রয়েছেন বাইকের মালিক ও স্থানীয়রা।

You may also like

Leave a Comment