Home অপরাধ১.২৬ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার! আগরতলা ও কুমারঘাটে পুলিশের দুই অভিযানে চাঞ্চল্য

১.২৬ কোটি টাকার মাদকদ্রব্য উদ্ধার! আগরতলা ও কুমারঘাটে পুলিশের দুই অভিযানে চাঞ্চল্য

by Debasish
0 comments 3 views

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ত্রিপুরায় মাদকবিরোধী অভিযানে বড়সড় সাফল্য পুলিশের। আগরতলা ও ঊনকোটি জেলার কুমারঘাটে পৃথক দুই অভিযানে প্রায় ১ কোটি ২৬ লক্ষ টাকা মূল্যের সন্দেহভাজন মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। এর মধ্যে একটি অভিযানে চারজনকে আটক করেছে পুলিশ। অন্য ঘটনায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হলেও গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে আগরতলার কর্নেল চৌমুহনী এলাকায় নিয়মিত নাকা চেকিং চলাকালীন একটি সন্দেহজনক গাড়িকে থামার সংকেত দেয় পুলিশ। অভিযোগ, চালক পুলিশের নির্দেশ অমান্য করে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে। পশ্চিম আগরতলা থানার পুলিশ গাড়িটির পিছু ধাওয়া করলে সেটি একটি সরু গলিতে ঢুকে যায়। পরে চালক গাড়ি ফেলে পায়ে হেঁটে পালিয়ে যায়।

এরপর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফরেনসিক দলের উপস্থিতিতে পরিত্যক্ত গাড়িটিতে তল্লাশি চালায় পুলিশ। তল্লাশিতে একাধিক প্যাকেটে রাখা প্রায় ১৯৩ কেজি সন্দেহভাজন গাঁজা উদ্ধার করা হয়। পশ্চিম আগরতলা থানার ওসি সঞ্জিত সেন জানান, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৬ লক্ষ টাকা। গাড়িটিও বাজেয়াপ্ত করা হয়েছে এবং ঘটনার তদন্তে মামলা রুজু করা হয়েছে। পলাতক চালকের সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ।

অন্যদিকে, ঊনকোটি জেলার কুমারঘাটে সন্দেহজনক মাদক পরিবহনের অভিযোগে চারজনকে আটক করে পুলিশ। ম্যাজিস্ট্রেট ও অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের পর তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে একটি গাড়িতে তল্লাশি চালানো হয়। সেখানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। উদ্ধার হওয়া কফ সিরাপের আনুমানিক মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা।

পুলিশের দাবি, পৃথক দুই অভিযানে উদ্ধার হওয়া মাদকদ্রব্যের মোট আনুমানিক মূল্য ১ কোটি ২৬ লক্ষ টাকা। উদ্ধার হওয়া সামগ্রী পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। মাদকগুলির উৎস কোথায়, কোথায় সেগুলি পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল এবং এর সঙ্গে আরও কারা জড়িত—তা খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

You may also like

Leave a Comment