Home আগরতলামোদির ২৫ বছরের জনসেবা স্মরণে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’

মোদির ২৫ বছরের জনসেবা স্মরণে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’

by Debasish
0 comments 2 views

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনজীবনে ২৫ বছরের শাসন ও জনসেবার যাত্রাকে সামনে রেখে ত্রিপুরায় আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’ পালন করবে বিজেপি। বুধবার আগরতলায় বিজেপির রাজ্য কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকের পর এ কথা জানান রাজ্যের অর্থমন্ত্রী তথা অভিযানের নোডাল আধিকারিক প্রণজিৎ সিংহ রায়।

তিনি জানান, ২০০১ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির প্রশাসনিক যাত্রার সূচনা হয়। পরবর্তীতে ২০১৪ সাল থেকে তিনি দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর জনজীবনের এই ২৫ বছরের যাত্রাকে কেন্দ্র করেই দেশব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হচ্ছে।

১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন থেকেই ত্রিপুরায় এই কর্মসূচির সূচনা হবে। তবে শুধুমাত্র জন্মদিন উদযাপন নয়, সেবামূলক কাজের মধ্য দিয়েই দিনটি পালন করা হবে বলে জানান প্রণজিৎ সিংহ রায়। তাঁর কথায়, প্রধানমন্ত্রী নিজেও জন্মদিন উদযাপনের পরিবর্তে সামাজিক সেবামূলক কাজে দিনটি উৎসর্গ করতে পছন্দ করেন। তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘ জনসেবাময় জীবনের জন্য প্রার্থনা করা হবে।

অভিযানকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জেলা, মণ্ডল এবং বুথস্তরে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তবে বর্তমানে ত্রিপুরায় ভিলেজ কমিটি নির্বাচন চলায় দলের একাধিক নেতা নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় কর্মসূচিতে কিছুটা সীমাবদ্ধতা রয়েছে বলেও জানান তিনি।

১৭ সেপ্টেম্বর উদ্বোধনী কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। মন্দির ও মসজিদসহ গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। পাশাপাশি মন্দির এবং উজ্জয়ন্ত প্রাসাদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রদীপ প্রজ্বালন করা হবে।

ত্রিপুরেশ্বরী মন্দিরেও বৃহস্পতিবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্বালন কর্মসূচি অনুষ্ঠিত হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা এই কর্মসূচির উদ্বোধন করবেন বলে জানানো হয়েছে। এছাড়াও বিভিন্ন জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং বিজেপির বিধায়করা নিজ নিজ এলাকায় কর্মসূচিতে অংশ নেবেন।

অভিযান পরিচালনার জন্য সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সমন্বয়কের দায়িত্বে রয়েছেন প্রণজিৎ সিংহ রায়। তিনি জানান, মোট ১২টি কর্মসূচি পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে একটি কর্মসূচি ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। বাকি ১১টি কর্মসূচি ভিলেজ কমিটি নির্বাচন শেষ হওয়ার পর পর্যায়ক্রমে আয়োজন করা হবে এবং আগামী ১৭ অক্টোবর পর্যন্ত চলবে।

‘সেবা সংকল্প অভিযান’-এর মাধ্যমে প্রধানমন্ত্রীর ২৫ বছরের জনজীবন ও প্রশাসনিক যাত্রার সঙ্গে জনসেবা এবং সামাজিক কর্মকাণ্ডকে যুক্ত করে রাজ্যজুড়ে বিভিন্ন কর্মসূচি পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য বলে জানান অভিযানের কর্মকর্তারা।

You may also like

Leave a Comment