Home ত্রিপুরারাবার গাছের ক্ষতিপূরণ না মেলায় সড়ক অবরোধ,অমরপুর–গন্ডাছড়া সড়কে যান চলাচল স্তব্ধ, ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর সঙ্গে কথা বললেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী

রাবার গাছের ক্ষতিপূরণ না মেলায় সড়ক অবরোধ,অমরপুর–গন্ডাছড়া সড়কে যান চলাচল স্তব্ধ, ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর সঙ্গে কথা বললেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী

by Debasish
0 comments 1 views

অমরপুর, ২৩ সেপ্টেম্বর: বন দপ্তরের উদ্যোগে কেটে ফেলা রাবার গাছের ক্ষতিপূরণ এখনও না মেলায় ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। বুধবার সকালে সাচন্দ্রাই পাড়ায় অমরপুর–গন্ডাছড়া সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। এর জেরে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল সম্পূর্ণ ব্যাহত হয়ে পড়ে এবং ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

স্থানীয় গ্রামবাসীদের অভিযোগ, বন দপ্তরের উদ্যোগে রাবার গাছ কেটে ফেলা হলেও দীর্ঘদিন ধরে সংশ্লিষ্টদের প্রাপ্য ক্ষতিপূরণ দেওয়া হয়নি। একাধিকবার বিষয়টি জানানো সত্ত্বেও সমস্যার সমাধান না হওয়ায় শেষ পর্যন্ত বাধ্য হয়ে সড়ক অবরোধের পথে নামতে হয়েছে বলে জানান বিক্ষোভকারীরা।

এদিকে, বুধবার নির্বাচনী প্রচারে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় অবরোধের জেরে যানজটে আটকে পড়েন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। পরিস্থিতি দেখে তিনি গাড়ি থেকে নেমে সরাসরি বিক্ষোভরত গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের অভিযোগ ও সমস্যার কথা শোনেন।

Oplus_16908288

এরপর বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মহকুমা বন আধিকারিকের (SDO) সঙ্গে যোগাযোগ করেন জিতেন্দ্র চৌধুরী। বন দপ্তরের পক্ষ থেকে তাঁকে আশ্বাস দেওয়া হয়, ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদের প্রাপ্য ক্ষতিপূরণ প্রদান করা হবে। একইসঙ্গে গ্রামবাসীদের দপ্তরে গিয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বলা হয়।

বন দপ্তরের এই আশ্বাসের কথা গ্রামবাসীদের জানানো হলে তাঁরা অবরোধ প্রত্যাহার করতে সম্মত হন। ধীরে ধীরে স্বাভাবিক হয় অমরপুর–গন্ডাছড়া সড়কের যান চলাচল। দীর্ঘক্ষণ অবরোধের পর স্বস্তি ফেরে এলাকায়।

You may also like

Leave a Comment