Home আগরতলা৭ অক্টোবর ত্রিপুরাজুড়ে ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’, প্রস্তুতি খতিয়ে দেখলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

৭ অক্টোবর ত্রিপুরাজুড়ে ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’, প্রস্তুতি খতিয়ে দেখলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

by Debasish
0 comments 5 views

আগরতলা, ৬ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনজীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে চলা ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলাতেই অনুষ্ঠিত হবে ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’। এই কর্মসূচিকে সফল করতে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করেছে দলীয় নেতৃত্ব ও কর্মীরা।

মঙ্গলবার সন্ধ্যায় আগরতলার শিশু উদ্যানে কর্মসূচির প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখেন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দলের নেতৃবৃন্দ এবং ভারতীয় জনতা যুব মোর্চার (BJYM) কর্মীরা। অনুষ্ঠানস্থলের বিভিন্ন ব্যবস্থা পরিদর্শনের পাশাপাশি কর্মসূচি যাতে সুষ্ঠু ও শৃঙ্খলাবদ্ধভাবে সম্পন্ন হয়, তা নিয়ে দলীয় কর্মী ও আয়োজকদের সঙ্গে আলোচনা করেন মন্ত্রী।

উল্লেখ্য, ২০০১ সালের ৭ অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার দায়িত্ব গ্রহণ করেছিলেন নরেন্দ্র মোদি। সেই হিসেবে চলতি বছরের ৭ অক্টোবর তাঁর জনসেবামূলক জীবনের ২৫ বছর পূর্ণ হচ্ছে। এই উপলক্ষেই দেশজুড়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাঁর দীর্ঘ জনজীবন ও রাষ্ট্র নির্মাণে ভূমিকার কথা তুলে ধরা হচ্ছে।

ত্রিপুরাতেও ‘সেবা জ্যোতি’কে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় পদযাত্রার পাশাপাশি সাইকেল ও মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত হবে। সকাল ১১টার আগেই কর্মসূচিগুলি শেষ করার পরিকল্পনা রয়েছে। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য সরাসরি সম্প্রচার করা হবে। আগরতলার মূল কর্মসূচিতে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহার উপস্থিত থাকার কথা রয়েছে।

মন্ত্রী সুশান্ত চৌধুরী দলীয় নেতৃত্ব ও কর্মীদের সমন্বয় বজায় রেখে কর্মসূচিকে সফল করার আহ্বান জানান। একইসঙ্গে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

You may also like

Leave a Comment