Home আগরতলামোদি সরকারের পতনের সূচনা আজ থেকেই, দিল্লিতে আটক হওয়ার পর হুঁশিয়ারি জিতেন্দ্র চৌধুরীর

মোদি সরকারের পতনের সূচনা আজ থেকেই, দিল্লিতে আটক হওয়ার পর হুঁশিয়ারি জিতেন্দ্র চৌধুরীর

by Debasish
0 comments 1 views

আগরতলা, ১০ অক্টোবর: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের হাতে আটক হলেন ত্রিপুরার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার-সহ সিপিআই(এম)-এর একাধিক নেতা। এই ঘটনাকে কেন্দ্র করে নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন জিতেন্দ্র চৌধুরী। তাঁর হুঁশিয়ারি, “আজ থেকেই মোদি সরকারের পতনের সূচনা শুরু হয়েছে।”

আটক হওয়ার পর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেন, মুখ্য নির্বাচন কমিশনারকে রক্ষা করতেই কেন্দ্র সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। তাঁর দাবি, বিরোধীদের উত্থাপিত প্রশ্নের জবাব দেওয়ার পরিবর্তে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে দুর্বল করার চেষ্টা চলছে। এর ফলে দেশের সাংবিধানিক অধিকার ও গণতান্ত্রিক ব্যবস্থার উপর আঘাত আসছে বলেও অভিযোগ করেন তিনি।

সিপিআই(এম) নেতার অভিযোগ, বিরোধীদের কণ্ঠরোধ করে প্রকৃত সমস্যাগুলি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে কেন্দ্র। বিশেষ করে ছাত্রছাত্রী ও যুবসমাজের গণতান্ত্রিক অধিকার বিপন্ন হওয়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি। তাঁর বক্তব্য, দেশের গণতন্ত্র ও সংবিধানকে রক্ষা করতে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে দিল্লির পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন জিতেন্দ্র চৌধুরী। পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত কারণে দিল্লিতে হোটেল, রেস্তোরাঁ, বাস পরিষেবা এবং ইন্টারনেট সংযোগের উপর বিধিনিষেধ আরোপের যে খবর সামনে এসেছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাঁর মতে, এই ধরনের পদক্ষেপ গণতান্ত্রিক স্বাধীনতা ও সাধারণ মানুষের অধিকারের প্রশ্নে একাধিক সংশয় তৈরি করছে।

বিক্ষোভ চলাকালীন পুলিশ তাঁদের আটক করার পর পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়েও অনিশ্চয়তা প্রকাশ করেন জিতেন্দ্র চৌধুরী। একই সঙ্গে স্বাধীন গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সাংবিধানিক মূল্যবোধ রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

You may also like

Leave a Comment