আগরতলা, ১০ অক্টোবর: মহিলাদের নিরাপত্তা ও রাজনৈতিক নেতৃত্বের জবাবদিহি নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলে মণিপুরের সাংসদ বিমল আকোইজামের পদত্যাগের দাবি জানালেন ত্রিপুরা বিজেপির রাজ্য সম্পাদক মিমি মজুমদার। শনিবার আকোইজামের বিরুদ্ধে বিজেপির আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে কংগ্রেস নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
মণিপুরের ইনার মণিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বিমল আকোইজামকে ঘিরে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) তাঁর অধ্যাপনার সময়কার কিছু অভিযোগের প্রসঙ্গ তুলে ধরেন মিমি মজুমদার। তাঁর দাবি, ওই সময়ে কয়েকজন ছাত্রী তাঁর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন। পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্ত এবং কর্তৃপক্ষের তরফে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার বিষয়েও উল্লেখ করেন তিনি।
মিমি মজুমদারের বক্তব্য, অভিযোগগুলি প্রমাণিত হলে কংগ্রেস নেতৃত্বের উচিত সংশ্লিষ্ট সাংসদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। মহিলাদের নিরাপত্তার প্রশ্নে কংগ্রেস অন্য দলের নেতাদের বিরুদ্ধে সরব হলেও নিজেদের দলের নেতা বা সাংসদের বিরুদ্ধে অভিযোগ উঠলে ভিন্ন অবস্থান গ্রহণ করে বলে অভিযোগ করেন তিনি।
বিজেপি নেত্রীর কথায়, “নিজেদের দলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ উঠলে নীরব থাকা যায় না, অথচ অন্যদের ক্ষেত্রে প্রশ্ন তোলা হয়—এমন দ্বিচারিতা চলতে পারে না।” তাঁর মতে, মহিলাদের নিরাপত্তা ও জবাবদিহির প্রশ্নে রাজনৈতিক দলগুলির অবস্থান হওয়া উচিত স্পষ্ট ও সামঞ্জস্যপূর্ণ।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপির জাতীয় নিরাপত্তা, দেশের অখণ্ডতা এবং মহিলাদের সুরক্ষার অঙ্গীকারের কথাও তুলে ধরেন মিমি মজুমদার। একই সঙ্গে বিমল আকোইজামের পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করে কংগ্রেস নেতৃত্বকে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।