Home খেলাএশিয়ান গেমসের আয়োজনে জাপানে উত্তর-পূর্বের প্রতিনিধি দল, পরিকাঠামো পরিদর্শনে ত্রিপুরার সুজিত রায়

এশিয়ান গেমসের আয়োজনে জাপানে উত্তর-পূর্বের প্রতিনিধি দল, পরিকাঠামো পরিদর্শনে ত্রিপুরার সুজিত রায়

by Debasish
0 comments 1 views

আগামী জাতীয় গেমসের প্রস্তুতিতে আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা সংগ্রহ, জাপান থেকেই ‘গোল্ডেন গার্ল’ অস্মিতা দে-কে শুভেচ্ছা ত্রিপুরার ক্রীড়া মহলের

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: আগামী দিনে উত্তর-পূর্বাঞ্চলে জাতীয় গেমস আয়োজনের প্রস্তুতিকে সামনে রেখে আন্তর্জাতিক মানের ক্রীড়া পরিকাঠামো ও ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই লক্ষ্যেই জাপানে চলমান এশিয়ান গেমসের বিভিন্ন ক্রীড়া পরিকাঠামো ও আয়োজনের ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করলেন উত্তর-পূর্বাঞ্চলের একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে ছিলেন মেঘালয়ের ক্রীড়ামন্ত্রী ওয়াইলাডমিখি শ্যল্লা, নর্থ ইস্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তথা মেঘালয় স্টেট অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি জন এফ. খারশিং, ইঞ্জিনিয়ার, প্রযুক্তিগত বিশেষজ্ঞ এবং ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সম্পাদক সুজিত রায়।

ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক কৃষ্ণপদ সরকারের বুধবারের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, জাপান থেকেই ত্রিপুরার জুডোকা তথা ‘গোল্ডেন গার্ল’ অস্মিতা দে-র সঙ্গে ভার্চুয়াল বৈঠকেরও ব্যবস্থা করেন সুজিত রায়। আগামী ৩০ সেপ্টেম্বর এশিয়ান গেমসে অস্মিতার প্রতিযোগিতাকে সামনে রেখে তাঁকে শুভেচ্ছা জানান ত্রিপুরার ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পদ্মশ্রী ডঃ দীপা কর্মকার, অ্যাডভাইজরি বোর্ডের চেয়ারম্যান রতন সাহা এবং কার্যকরী কমিটির সদস্যরা।

জানা গেছে, এশিয়ান গেমসে অংশগ্রহণকারী ভারতীয় জুডো দল বর্তমানে নাগোয়া থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে সুকুবায় প্রশিক্ষণ নিচ্ছে। এশিয়ান গেমস শেষ হওয়ার পর জুডো দলটি জাপান থেকেই সরাসরি আজারবাইজানে বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে যাবে।

উত্তর-পূর্বাঞ্চলে আগামী জাতীয় গেমস আয়োজনের ক্ষেত্রে আন্তর্জাতিক মানের পরিকাঠামো, প্রযুক্তিগত ব্যবস্থাপনা এবং প্রতিযোগিতা পরিচালনার অভিজ্ঞতা কাজে লাগাতেই এই পরিদর্শন বলে সংশ্লিষ্ট মহলের পক্ষ থেকে জানানো হয়েছে।

You may also like

Leave a Comment