Home আগরতলানির্মাণ শ্রমিকদের কাজের সন্ধান এবার মোবাইলেই, ‘ডিজিটাল লেবার চৌক’ অ্যাপ চালু করলেন মন্ত্রী টিঙ্কু রায়

নির্মাণ শ্রমিকদের কাজের সন্ধান এবার মোবাইলেই, ‘ডিজিটাল লেবার চৌক’ অ্যাপ চালু করলেন মন্ত্রী টিঙ্কু রায়

by Debasish
0 comments 15 views

আগরতলা, ২১ আগস্ট: নির্মাণ শ্রমিকদের সঙ্গে সরাসরি কাজের সুযোগ ও নিয়োগদাতাদের যোগাযোগ আরও সহজ করতে ত্রিপুরায় চালু হল ‘ডিজিটাল লেবার চৌক’ অ্যাপ। শুক্রবার শ্রম দপ্তরের গ্রাউন্ড ফ্লোরের কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে অ্যাপটির উদ্বোধন করেন শ্রমমন্ত্রী টিঙ্কু রায়।

এই উদ্যোগের মূল লক্ষ্য, একদিকে নির্মাণ শ্রমিকদের কাজের সুযোগ তৈরি করা, অন্যদিকে তাঁদের জন্য চালু থাকা সরকারি কল্যাণমূলক প্রকল্পগুলির সুবিধা দ্রুত পৌঁছে দেওয়া। উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী জানান, নির্মাণ শ্রমিকদের কল্যাণ প্রকল্পের বাস্তবায়ন পর্যালোচনার পাশাপাশি রাজ্যের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে ‘লেবার চৌক’ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

অ্যাপটির মাধ্যমে নির্মাণ শ্রমিকরা নিজেদের মোবাইল ফোন থেকেই প্রোফাইল তৈরি করতে পারবেন। সেখানে তাঁরা নিজেদের দক্ষতা, কাজের ধরন এবং কোন ধরনের নির্মাণকাজে অভিজ্ঞতা রয়েছে, সেই তথ্য দিতে পারবেন। অন্যদিকে কোনও নিয়োগদাতার শ্রমিকের প্রয়োজন হলে অ্যাপের মাধ্যমে নিজের প্রয়োজন অনুযায়ী উপযুক্ত শ্রমিক খুঁজে নেওয়ার সুযোগ থাকবে।

মন্ত্রী টিঙ্কু রায় বলেন, নির্মাণ শ্রমিকদের জন্য একটি সহজ ও সুবিধাজনক ব্যবস্থা তৈরি করতেই এই ডিজিটাল উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে কাজের সন্ধানে শ্রমিকদের এক জায়গায় বসে অপেক্ষা করার পরিবর্তে মোবাইলের মাধ্যমেই কাজের সুযোগ খোঁজা সহজ হবে।

তবে শুধু অনলাইন ব্যবস্থাতেই সীমাবদ্ধ থাকছে না সরকারের এই উদ্যোগ। শহর ও বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় প্রকৃত ‘লেবার চৌক’ গড়ে তোলার পরিকল্পনাও নেওয়া হয়েছে। সেখানে শ্রমিকদের বসার জন্য ছাউনি, শৌচাগার এবং ওয়াশরুমের মতো ন্যূনতম পরিকাঠামো থাকবে।

মন্ত্রী বলেন, আগরতলার বটতলার মতো এলাকায় অনেক নির্মাণ শ্রমিককে কাজের আশায় গাছের নিচে বা খোলা জায়গায় বসে থাকতে দেখা যায়। রোদ-বৃষ্টি থেকে তাঁদের সুরক্ষা দেওয়ার পাশাপাশি মর্যাদাপূর্ণ পরিবেশে অপেক্ষা করার সুযোগ করে দিতেই নির্দিষ্ট শ্রমিক চৌক তৈরি করা হবে।

ইতিমধ্যে উদয়পুরে একটি লেবার চৌক তৈরির কাজ শুরু হয়েছে বলে জানান মন্ত্রী। উনকোটি জেলায় আরও একটি লেবার চৌক তৈরির জন্য জমি চিহ্নিত করা হয়েছে। আগরতলার বটতলা এলাকাতেও উপযুক্ত জায়গা চিহ্নিত করে শ্রমিক চৌক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

শ্রমমন্ত্রী জানান, ‘ডিজিটাল লেবার চৌক’ অনলাইন পরিষেবা সকলের জন্য উন্মুক্ত থাকবে। শ্রমিকরা নিজেদের মোবাইল ফোনে অ্যাপটি ব্যবহার করে এর সুবিধা নিতে পারবেন। আগামী দিনে রাজ্যের বিভিন্ন এলাকায় ধাপে ধাপে আরও লেবার চৌক গড়ে তোলা হবে।

এদিনের কর্মসূচিতে নির্মাণ শ্রমিকদের কল্যাণ প্রকল্পের বাস্তবায়ন নিয়েও পর্যালোচনা করা হয়। শ্রম দপ্তরের বিভিন্ন ব্লকের পরিদর্শক এবং জেলার আধিকারিকদের নিয়ে বৈঠকে সরকারি প্রকল্পগুলির সুবিধা প্রকৃত উপভোক্তাদের কাছে দ্রুত পৌঁছে দেওয়া এবং সুবিধা পেতে শ্রমিকদের যাতে কম সমস্যার মুখোমুখি হতে হয়, সেই বিষয়গুলির ওপর গুরুত্ব দেওয়া হয়।

নতুন এই উদ্যোগে একদিকে যেমন নির্মাণ শ্রমিকদের কাজ পাওয়ার ক্ষেত্রে স্বচ্ছ ও সহজ যোগাযোগ ব্যবস্থা তৈরি হবে, অন্যদিকে সরকারি কল্যাণ প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রেও তাঁদের হয়রানি কমবে বলে আশা করছে শ্রম দপ্তর।

You may also like

Leave a Comment