আগরতলা, ২৯ আগস্ট: প্রচণ্ড রোদে খোলা মাঠে প্রার্থনা সভা করানো এবং বিদ্যালয়ের পানীয় জল ও শৌচাগারের বেহাল দশার অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ চড়িলাম ইংলিশ মিডিয়াম স্কুল। প্রধান শিক্ষিকার সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার বিদ্যালয়ের পড়ুয়ারা দক্ষিণ চড়িলাম-রামনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং যান চলাচল ব্যাহত হয়।
আন্দোলনকারী পড়ুয়াদের অভিযোগ, তীব্র দাবদাহের মধ্যেও প্রতিদিন তাদের খোলা মাঠে দাঁড় করিয়ে প্রার্থনা সভা করানো হচ্ছে। শুক্রবারও প্রচণ্ড রোদের কারণে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ের বারান্দায় দাঁড়িয়ে প্রার্থনা করার উদ্যোগ নেয়। তাঁদের দাবি, কয়েকজন শিক্ষকও রোদের তীব্রতা বিবেচনা করে বারান্দায় প্রার্থনা করার পক্ষে ছিলেন। কিন্তু প্রধান শিক্ষিকা দীপিকা দেববর্মার নির্দেশে পড়ুয়াদের বারান্দা থেকে বেরিয়ে খোলা মাঠে দাঁড়াতে হয়।
পড়ুয়াদের দাবি, প্রচণ্ড রোদের মধ্যে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার কারণে ইতিমধ্যেই কয়েকজন অসুস্থ হয়ে পড়েছে। বিদ্যালয়ে শারীরিকভাবে অসুস্থ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত পড়ুয়াও রয়েছে বলে দাবি আন্দোলনকারীদের। তাঁদের বক্তব্য, এমন পরিস্থিতিতে প্রার্থনা সভার জন্য বিকল্প ব্যবস্থা করা জরুরি।
এদিকে বিদ্যালয়ের পরিকাঠামো নিয়েও ক্ষোভ প্রকাশ করেছে পড়ুয়ারা। তাঁদের অভিযোগ, বিদ্যালয়ে পানীয় জলের ফিল্টার থাকলেও তা নিয়মিত রিফিল করার পর্যাপ্ত ব্যবস্থা নেই। ফলে তীব্র গরমের মধ্যে পানীয় জলের জন্য সমস্যায় পড়তে হচ্ছে ছাত্রছাত্রীদের।
শৌচাগারের অবস্থাও অত্যন্ত খারাপ বলে অভিযোগ। পড়ুয়াদের দাবি, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে বাথরুমে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং তা ব্যবহারের অনুপযোগী হয়ে উঠেছে। একাধিকবার বিষয়গুলি কর্তৃপক্ষের নজরে আনা হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।
ঘটনার বিষয়ে বিদ্যালয়ের সহ-শিক্ষক সন্দীপ সরকার জানান, তীব্র রোদের কথা বিবেচনা করে শিক্ষকরা ছাত্রছাত্রীদের বারান্দায় দাঁড়ানোর ব্যবস্থা করতে চেয়েছিলেন। তবে পরবর্তীতে প্রধান শিক্ষিকার নির্দেশে খোলা মাঠেই প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
আন্দোলনকারী এক ছাত্রী অভিযোগ করে, তীব্র রোদের মধ্যে প্রার্থনায় দাঁড়িয়ে সে অসুস্থ হয়ে পড়েছে। একইসঙ্গে বিদ্যালয়ের বাথরুম ও পানীয় জলের সমস্যার কথাও তুলে ধরে সে।
পড়ুয়াদের দাবি, অবিলম্বে প্রচণ্ড রোদের মধ্যে খোলা মাঠে প্রার্থনা সভা বন্ধ করে পরিস্থিতি অনুযায়ী বিকল্প ব্যবস্থা করতে হবে। পাশাপাশি বিদ্যালয়ের পানীয় জল ও শৌচাগারের পরিকাঠামো দ্রুত সংস্কার ও উন্নত করার দাবিও জানিয়েছে তারা।
এদিকে পড়ুয়াদের পথ অবরোধের জেরে দক্ষিণ চড়িলাম-রামনগর সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপের উদ্যোগ নেওয়া হয়। তবে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং বিদ্যালয়ের পরিকাঠামোগত সমস্যার সমাধান কবে হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।