নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট : জটিল ও দুরারোগ্য রোগে আক্রান্ত খুদে শিশু মনুশ্রী চৌধুরীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় বিপুল অর্থসংস্থানে বিধানসভায় মানবিক আবেদন জানালেন বিধায়ক সুদীপ রায় বর্মন। ডেপুটি স্পিকারের মাধ্যমে মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতা এবং বিধানসভার সকল সদস্যের কাছে মনুশ্রীর পাশে দাঁড়ানোর আবেদন জানান তিনি।
বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে সুদীপ রায় বর্মন বলেন, মনুশ্রীর চিকিৎসার জন্য রাজ্যের সাধারণ মানুষ ইতিমধ্যেই সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এজন্য তিনি রাজ্যবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি জানান, ডেপুটি স্পিকার, কয়েকজন মন্ত্রী ও বিধায়কসহ বিধানসভার প্রায় ১২ জন প্রতিনিধি ইতিমধ্যেই ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা করেছেন। বিধায়ক পিনাকী দাস চৌধুরী কল্যাণপুর বাজারে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে প্রায় ৯ লক্ষ টাকা সংগ্রহ করে দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। এছাড়াও মন্ত্রী রতন লাল নাথ, সুশান্ত চৌধুরী, সুশান্ত দেবসহ আরও অনেকে ব্যক্তিগত ও সাংগঠনিকভাবে সহযোগিতা করেছেন বলে জানান সুদীপবাবু।
তবে এখনও মনুশ্রীর চিকিৎসার জন্য প্রায় ৪ কোটি ৩০ লক্ষ টাকার ঘাটতি রয়েছে বলে বিধানসভায় জানান তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, আগামী ৭ থেকে ৮ দিনের মধ্যেই প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করা জরুরি। কারণ নির্দিষ্ট সময়ের মধ্যে নিউজিল্যান্ড থেকে প্রয়োজনীয় জীবনরক্ষাকারী ইনজেকশন নিয়ে আসতে হবে।
কেন্দ্রীয় সরকার এবং PM CARES Fund থেকে প্রত্যাশিত সহায়তা এখনও পাওয়া যায়নি বলেও বিধানসভায় বিষয়টি তুলে ধরেন সুদীপ রায় বর্মন। তিনি রাজ্য সরকারকে কেন্দ্রের কাছে বিষয়টি আরও জোরালোভাবে তুলে ধরার আবেদন জানান।
একইসঙ্গে দলমত নির্বিশেষে সকল জনপ্রতিনিধিকে মনুশ্রীর চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি। টিপরা মথাসহ সমস্ত দলের বিধায়কদেরও এই মানবিক উদ্যোগে শামিল হওয়ার আবেদন করেন। প্রয়োজনে বিধায়কদের বেতন থেকে অর্থ সংগ্রহ করেও চিকিৎসার অর্থঘাটতি পূরণের প্রস্তাব দেন সুদীপবাবু।
তিনি আরও জানান, সাংসদ বিপ্লব কুমার দেব টাটা রিসার্চ ইনস্টিটিউটের মাধ্যমে ২০ লক্ষ টাকা সংস্থানের আশ্বাস দিয়েছেন। অন্যান্য সাংসদরাও ব্যক্তিগতভাবে সহযোগিতা করেছেন বলে বিধানসভায় জানান তিনি।
সুদীপ রায় বর্মনের বক্তব্য, মনুশ্রীকে বাঁচানোর লড়াই কোনও ব্যক্তি বা পরিবারের একার লড়াই নয়—এটি সমগ্র রাজ্যবাসীর মানবিক দায়িত্ব। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার এবং সমস্ত জনপ্রতিনিধি সম্মিলিতভাবে উদ্যোগ নিলে মনুশ্রীর চিকিৎসার প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করা সম্ভব হবে এবং তাকে সুস্থ জীবনে ফিরিয়ে দেওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।