Home ত্রিপুরামনুশ্রীর চিকিৎসায় সরকারি সহায়তার আশ্বাস মুখ্যমন্ত্রীর, CSR তহবিলের জন্য টাটা ট্রাস্টকে চিঠি

মনুশ্রীর চিকিৎসায় সরকারি সহায়তার আশ্বাস মুখ্যমন্ত্রীর, CSR তহবিলের জন্য টাটা ট্রাস্টকে চিঠি

by Debasish
0 comments 14 views

নিজস্ব প্রতিনিধি, আগরতলা: বিরল ও জটিল রোগে আক্রান্ত ছোট্ট মনুশ্রীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থসংস্থান ও সরকারি সহায়তার বিষয়ে বিধানসভায় আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা। বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনে মনুশ্রীর চিকিৎসার বিষয়টি উত্থাপিত হলে মুখ্যমন্ত্রী জানান, বিষয়টি অত্যন্ত মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করছে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী বলেন, মনুশ্রীর চিকিৎসার বিপুল ব্যয় মেটাতে বিভিন্ন সংস্থার সহায়তা নেওয়ার চেষ্টা চলছে। ইতিমধ্যেই টাটা ট্রাস্টসহ একাধিক সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। টাটা ট্রাস্টের CSR তহবিল থেকে আর্থিক সহায়তার আবেদন জানিয়ে তিনি নিজে লিখিত চিঠিও পাঠিয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী।

চিকিৎসার জন্য এখনও যে বিপুল অর্থের প্রয়োজন, তা কীভাবে সংগ্রহ করা যায়, সেই বিষয়ে বিধানসভার বাইরে সমস্ত পক্ষকে নিয়ে আলোচনার প্রস্তাবও দেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, “চোখের সামনে কাউকে চলে যেতে দেখা সম্ভব নয়।” তাই দলমত নির্বিশেষে বিধানসভার সকল সদস্যকে সঙ্গে নিয়ে মনুশ্রীর চিকিৎসার জন্য একটি ইতিবাচক সমাধান খুঁজে বের করার ওপর গুরুত্ব দেন তিনি।

মুখ্যমন্ত্রী আরও জানান, বিরল রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় সরকারি দপ্তর এবং সহায়তাকারী সংস্থাগুলির ক্ষেত্রে কিছু নীতিগত ও প্রশাসনিক সীমাবদ্ধতা রয়েছে। দিল্লিতেও এ বিষয়ে আলোচনা হয়েছে। সারা দেশেই এই ধরনের রোগে আক্রান্ত বহু রোগী রয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

তবে প্রশাসনিক সীমাবদ্ধতা থাকলেও মনুশ্রীর চিকিৎসার জন্য সম্ভাব্য সব ধরনের সহায়তার পথ খুঁজে দেখছে রাজ্য সরকার—বিধানসভায় এমনই আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। মনুশ্রীর চিকিৎসায় সরকার, বিভিন্ন সংস্থা ও সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগে প্রয়োজনীয় অর্থসংস্থান সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

You may also like

Leave a Comment