কৈলাশহর, ২৪ আগস্ট: জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে আগামী ২৭ আগস্ট কৈলাশহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে বিশেষ ‘যুবা কানেক্ট’ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীন ‘মাই ভারত’-এর উদ্যোগে এবং ন্যাশনাল সার্ভিস স্কিম (এনএসএস)-এর সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
অনুষ্ঠান উপলক্ষে সোমবার রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ড. অজিত বর্মন, এনএসএস প্রোগ্রাম অফিসার অরূপ রতন চক্রবর্তী এবং ‘মাই ভারত’-এর প্রতিনিধি অভিজিৎ সরকার।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আগামী ২৭ আগস্ট সকাল ১১টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভার্চুয়াল মাধ্যমে দেশের যুবসমাজের উদ্দেশে বক্তব্য রাখবেন এবং ছাত্রছাত্রীদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর সকাল ১১টা ৪৫ মিনিটে স্থানীয় কৃতী ক্রীড়াবিদ এবং কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।
প্যানেল আলোচনায় ক্রীড়াক্ষেত্রের উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ, দক্ষতা বৃদ্ধি এবং দেশ গঠনে যুবসমাজের ভূমিকা নিয়ে আলোচনা হবে। অনুষ্ঠানে এলাকার ছাত্রছাত্রী, যুবসমাজ এবং ক্রীড়াপ্রেমীদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করার জন্য আয়োজকদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।