Home আগরতলাবাবা-মা পরিত্যক্ত দুই শিশুর পাশে কাকা, সরকারি সহায়তার আবেদন

বাবা-মা পরিত্যক্ত দুই শিশুর পাশে কাকা, সরকারি সহায়তার আবেদন

by Debasish
0 comments 3 views

পানিসাগর, ১৯ আগস্ট: বাবা-মায়ের অবহেলায় অনিশ্চয়তার মধ্যে পড়েছে উত্তর ত্রিপুরার পানিসাগর মহকুমার জুড়ি পার এডিসি ভিলেজের রায়চন্দ্রপাড়ার দুই নাবালক-নাবালিকা। ৯ বছরের হাসিনা রিয়াং এবং ৭ বছরের রত্না রিয়াং বর্তমানে কাকা নিরঞ্জয় রিয়াংয়ের আশ্রয়ে রয়েছে। দিনমজুরির সামান্য আয়ে সংসার চালানো নিরঞ্জয়ের পক্ষেও দুই শিশুর পড়াশোনা ও নিত্যপ্রয়োজনীয় চাহিদা পূরণ করা কঠিন হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাবা-মা তাদের ছেড়ে চলে যাওয়ার পর দুই শিশুর দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন কাকা নিরঞ্জয় রিয়াং। পানিসাগর মহকুমার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নিরঞ্জয় নিজেও আর্থিকভাবে অসচ্ছল। তবুও মানবিক দায়বদ্ধতা থেকে তিনি দুই শিশুকে নিজের কাছে রেখে তাদের দেখভাল করে চলেছেন।

এই পরিস্থিতিতে দুই শিশুর ভবিষ্যৎ সুরক্ষায় সরকারি সহায়তার আবেদন জানিয়ে পানিসাগরের মহকুমা শাসকের কাছে লিখিত আবেদন করেছেন নিরঞ্জয় রিয়াং। আবেদনে শিশু দুটির পড়াশোনার ব্যবস্থা, আধার কার্ড-সহ প্রয়োজনীয় সরকারি নথিপত্র তৈরি এবং সরকারি প্রকল্পের আওতায় একটি ঘরের ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, আর্থিক সংকটের কারণে শিশু দুটির শিক্ষা ও ভবিষ্যৎ যাতে ব্যাহত না হয়, সেজন্য দ্রুত প্রশাসনিক উদ্যোগ প্রয়োজন। অসহায় দুই শিশুর নিরাপত্তা, শিক্ষা ও স্থায়ী ভবিষ্যৎ নিশ্চিত করতে প্রশাসন মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে দ্রুত পদক্ষেপ নেবে—এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।

এখন প্রশাসনের সহায়তার দিকেই তাকিয়ে রয়েছে দুই শিশু ও তাদের কাকা। সরকারি সহযোগিতা পেলে দুই শিশুর অনিশ্চিত ভবিষ্যৎ অনেকটাই সুরক্ষিত হবে বলে মনে করছেন স্থানীয়রা।

You may also like

Leave a Comment