আগরতলা, ২৩ আগস্ট: উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও সম্পন্ন হওয়ার পর বসানো বিধায়কের নামাঙ্কিত ফলক ভেঙে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে ১৩ প্রতাপগড় বিধানসভা এলাকায়। অভিযোগ, বিরোধী দলের বিধায়কের নাম ফলকে থাকায় রাজনৈতিক প্রতিহিংসা থেকেই একের পর এক ফলক ভেঙে দেওয়া হচ্ছে। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রতাপগড়ের বাম বিধায়ক রামু দাস।
বিধায়কের অভিযোগ, ২০২৫-২৬ অর্থবর্ষে প্রতাপগড় বিধানসভা এলাকায় তাঁর উদ্যোগে বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট কাজের পাশে বিধায়কের নাম উল্লেখ করে ফলক স্থাপন করা হয়। কিন্তু সম্প্রতি ওই ফলকগুলির একাধিকটি ভেঙে রাস্তার পাশে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
রবিবার এমনই কয়েকটি ভাঙা ফলকের ছবি সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ে। বিধায়কের দাবি, প্রতাপগড় বিধানসভা এলাকায় ২০২৫-২৬ অর্থবর্ষে সম্পন্ন হওয়া প্রায় ১২-১৩টি রাস্তার পাশে তাঁর নামাঙ্কিত ফলক বসানো হয়েছিল। এর মধ্যে অধিকাংশ ফলকই দুষ্কৃতীদের হাতে ভাঙচুরের শিকার হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
রামু দাসের অভিযোগ, বিরোধী দলের বিধায়কের নাম উন্নয়নমূলক কাজের ফলকে থাকবে—এটি মেনে নিতে না পেরেই পরিকল্পিতভাবে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। রাজনৈতিক প্রতিহিংসা থেকে সরকারি সম্পত্তি ও উন্নয়নমূলক কাজের ফলক নষ্ট করার ঘটনাকে তিনি নিন্দনীয় বলে উল্লেখ করেন।
তিনি বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে কাজ হওয়া উচিত। উন্নয়নমূলক প্রকল্পের সঙ্গে রাজনৈতিক বিরোধকে যুক্ত করা কোনওভাবেই কাম্য নয়। ফলক ভাঙার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।
তবে এই অভিযোগের বিষয়ে বিজেপির স্থানীয় নেতৃত্ব কিংবা প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে ঘটনাটি ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে দোষীদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়, এখন সেদিকেই নজর রয়েছে।