আগরতলা, ২৪ আগস্ট: নিয়োগের প্রথম দিন থেকেই নিয়মিত বেতন কাঠামো চালু করা এবং এ সংক্রান্ত হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকারের দায়ের করা স্পেশাল লিভ পিটিশন (SLP) প্রত্যাহারের দাবিতে মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহার উদ্দেশে শিক্ষা অধিকর্তার কাছে স্মারকলিপি জমা দিল ত্রিপুরা TET শিক্ষক কল্যাণ সমিতি।
সোমবার স্মারকলিপি জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের রাজ্য সম্পাদক অজয় পাল জানান, নিয়োগের তারিখ থেকেই TET উত্তীর্ণ শিক্ষকদের নিয়মিত বেতন কাঠামো চালুর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন তাঁরা।
অজয় পাল জানান, গত ৮ জানুয়ারি ত্রিপুরা হাইকোর্টের রায়ে শিক্ষকদের দাবির পক্ষে সিদ্ধান্ত দেওয়া হয়েছিল। ডিভিশন বেঞ্চও শিক্ষকদের চাকরিতে যোগদানের শুরু থেকেই নিয়মিত বেতন কাঠামো পাওয়ার অধিকার স্বীকার করেছে বলে দাবি করেন তিনি। কিন্তু হাইকোর্টের ওই রায় কার্যকর না করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে SLP দায়ের করায় শিক্ষক মহলে হতাশা তৈরি হয়েছে বলে জানান সংগঠনের রাজ্য সম্পাদক।
তিনি বলেন, “আমরা মুখ্যমন্ত্রীর কাছে অবিলম্বে SLP প্রত্যাহারের আবেদন জানাচ্ছি। TET পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত সমস্ত শিক্ষককে চাকরির প্রথম দিন থেকেই নিয়মিত বেতন কাঠামো দেওয়া হোক।”
এর পাশাপাশি মহার্ঘ ভাতা (DA) নিয়েও একাধিক দাবি তুলে ধরেছে সংগঠন। সংগঠনের দাবি, বর্তমানে রাজ্যের সরকারি কর্মীরা ৪১ শতাংশ DA পাচ্ছেন, অথচ আরও ১৯ শতাংশ DA বকেয়া রয়েছে। অবিলম্বে বকেয়া DA মিটিয়ে দেওয়ার পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় ত্রিপুরার DA-র অবস্থান উন্নত করার দাবি জানানো হয়েছে।
কেন্দ্রের অষ্টম বেতন কমিশন কার্যকর হলে ত্রিপুরার সরকারি কর্মীদের ক্ষেত্রেও একইভাবে তার সুবিধা কার্যকর করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছে সংগঠন।
এছাড়াও Graduate Teacher (GT), Post Graduate Teacher (PGT) এবং Under Graduate Teacher (UGT)-দের বেতন কাঠামোর মধ্যে থাকা বৈষম্য ও অসঙ্গতি দূর করার দাবি উঠেছে। বর্তমান বেতন কমিশনের মাধ্যমে এই সমস্যার সমাধান করে শিক্ষকদের জন্য ন্যায্য ও সামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামো নির্ধারণের দাবি জানিয়েছেন তাঁরা।
Modified Assured Career Progression বা MACP নিয়েও সরব হয়েছে TET শিক্ষক সংগঠন। অজয় পালের দাবি, আগে যেসব শিক্ষকের নিয়মিত পদোন্নতির সুযোগ ছিল না, তাঁদের নির্দিষ্ট সময়ের ব্যবধানে উচ্চতর বেতন কাঠামোর সুবিধা দেওয়ার ব্যবস্থা ছিল। পরবর্তীতে সেই ব্যবস্থার পরিবর্তে ১০, ১৭ ও ২৫ বছর চাকরির পর ৩ শতাংশ করে ইনক্রিমেন্ট দেওয়ার ব্যবস্থা চালু করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
সংগঠনের দাবি, বর্তমান ইনক্রিমেন্ট-ভিত্তিক ব্যবস্থার পরিবর্তে আগের মতো MACP-এর অধীনে উচ্চতর বেতন কাঠামোয় উন্নীত করার ব্যবস্থা পুনরায় চালু করতে হবে।
সংগঠনের রাজ্য কমিটির পক্ষ থেকে এই স্মারকলিপি জমা দেওয়া হয়। কর্মসূচিতে সংগঠনের সভাপতি, সাংগঠনিক সম্পাদক, জেলা সম্পাদকসহ অন্যান্য পদাধিকারীরা উপস্থিত ছিলেন।
TET শিক্ষকদের বেতন কাঠামো, DA, বেতন বৈষম্য এবং MACP-সহ একাধিক বিষয় নিয়ে সংগঠনের এই দাবিগুলির পরিপ্রেক্ষিতে আগামী দিনে রাজ্য সরকারের অবস্থান কী হয়, সেদিকেই এখন নজর রয়েছে শিক্ষক মহলের।