আগরতলা, ২৩ সেপ্টেম্বর : ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (TTAADC)-এর পেনশনভোগীদের বিভিন্ন সমস্যা সমাধান এবং ত্রিপাক্ষিক চুক্তি (Tripartite Accord) বাস্তবায়নের বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা। বৈঠকে TTAADC-এর মুখ্য কার্যনির্বাহী সদস্য (CEM) রুনিয়াল দেববর্মা-সহ কাউন্সিলের একাধিক নেতৃত্ব উপস্থিত ছিলেন।
বৈঠকে TTAADC-এর পেনশনভোগীদের বিভিন্ন সমস্যা এবং দীর্ঘদিনের জটিলতা কীভাবে দ্রুত সমাধান করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি ত্রিপাক্ষিক চুক্তির বিভিন্ন বিষয় বাস্তবায়নের অগ্রগতি নিয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।
এছাড়াও হাইকোর্টের রায়ের পর TTAADC-এর Group-A ও Group-B কর্মীদের বেতন সংক্রান্ত বিষয়টি বৈঠকে বিশেষ গুরুত্ব পায়। সংশ্লিষ্ট বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ এবং সুপ্রিম কোর্টের নির্দেশ চাওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।
বৈঠকে TTAADC-এর কর্মী ও পেনশনভোগীদের দীর্ঘদিনের সমস্যাগুলি দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়। সংশ্লিষ্ট মহলের আশা, রাজ্য সরকার ও TTAADC কর্তৃপক্ষের উদ্যোগে চলমান সমস্যাগুলির সমাধান শীঘ্রই সম্ভব হবে।