Home অপরাধ১০ লক্ষ টাকা না দেওয়ায় ঠিকাদারকে খুনের চেষ্টার অভিযোগ!

১০ লক্ষ টাকা না দেওয়ায় ঠিকাদারকে খুনের চেষ্টার অভিযোগ!

by Debasish
0 comments 1 views

দ্বারিকাপুর স্কুলের সামনে লাঠিসোঁটা নিয়ে হামলা, পুলিশ উপস্থিতিতেও হুমকির অভিযোগ—আদালতের দ্বারস্থ আহত ঠিকাদার

কল্যাণপুর, ২৩ সেপ্টেম্বর: কাজের বরাত পাওয়ার পর থেকেই ১০ লক্ষ টাকা চাঁদা দাবি করা হচ্ছিল—অভিযোগ ঠিকাদার সুভাষ ঋষিদাসের। সেই টাকা দিতে অস্বীকার করায় কাজ থেকে বাড়ি ফেরার পথে তাঁকে রাস্তায় আটকে লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর এবং খুনের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে একদল দুষ্কৃতকারীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে কল্যাণপুর থানার দ্বারিকাপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ অনুযায়ী, রামচন্দ্র ঘাট এলাকার ঠিকাদার সুভাষ ঋষিদাস পূর্ত দপ্তরের অধীনে কল্যাণপুর থানার দ্বারিকাপুর এলাকায় বোল্ডার তৈরির কাজের বরাত পান। গত প্রায় দেড় মাস ধরে কাজ চলাকালীন তাঁর কাছে ১০ লক্ষ টাকা দাবি করা হচ্ছিল বলে অভিযোগ। টাকা না দেওয়ায় তাঁকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল বলেও দাবি তাঁর।

এরপর গত রবিবার বিকেল প্রায় ৪টা নাগাদ কাজ থেকে বাড়ি ফেরার সময় দ্বারিকাপুর স্কুলের সামনে ১০-১২ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে তাঁর ওপর হামলা চালায় বলে অভিযোগ। হামলাকারীদের মধ্যে পুলকেশ ধুপি ওরফে আবু, পাপন সরকার, প্রীতম শুক্ল দাস, বিশ্বজিৎ ঘোষ এবং বাপি রাউতের নাম উল্লেখ করেছেন সুভাষ। বাকিদের তিনি চিনতে পারেননি বলে জানা গেছে।

অভিযোগ আরও গুরুতর—পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পরও তাঁকে মারধর করা হয় এবং ১০ লক্ষ টাকা না দিলে এলাকায় কাজ করতে দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়। ঘটনাটি ধারণ করতে গেলে স্থানীয় বাসিন্দাদের প্রায় আটটি মোবাইল ফোন ভাঙচুর করার অভিযোগও উঠেছে হামলাকারীদের বিরুদ্ধে।

ঘটনায় গুরুতর আহত ঠিকাদার সুভাষ ঋষিদাস পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। অবশেষে মঙ্গলবার তিনি আদালতের দ্বারস্থ হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে।

ঘটনাকে ঘিরে এলাকায় আতঙ্কের পাশাপাশি ক্ষোভও তৈরি হয়েছে। একজন ঠিকাদারকে প্রকাশ্যে মারধর, চাঁদা দাবির অভিযোগ এবং পুলিশ উপস্থিত থাকা সত্ত্বেও হুমকির অভিযোগ—সব মিলিয়ে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। এখন অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ ও প্রশাসন কী পদক্ষেপ করে, সেদিকেই তাকিয়ে কল্যাণপুর তথা খোয়াইয়ের সাধারণ মানুষ।

You may also like

Leave a Comment