স্বর্ণের চেইন ও নগদ টাকা লুটের অভিযোগ, জিবি হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যবসায়ী
আগরতলা, ৩০ সেপ্টেম্বর: দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথেই হামলার শিকার এক ব্যবসায়ী। কাশীপুর অরবিন্দ সংঘ সংলগ্ন এলাকায় অনুপ কুমার সিংহ নামে ওই ব্যবসায়ীকে পথ আটকে মারধর, গুলি চালিয়ে হত্যার চেষ্টা এবং স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় গুরুতর আহত ব্যবসায়ী বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন।
পরিবারের দাবি, মঙ্গলবার রাতে দোকানের কাজ শেষ করে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছিলেন অনুপ কুমার সিংহ। কাশীপুর অরবিন্দ সংঘের কাছে পৌঁছাতেই কয়েকজন ব্যক্তি তাঁর পথ আটকায়। এরপর তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। একপর্যায়ে সাইলেন্সারযুক্ত আগ্নেয়াস্ত্র দিয়ে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয় বলেও পরিবারের অভিযোগ। তবে গুলিটি তাঁর মাথায় লাগেনি বলে জানা গেছে।
অভিযোগ অনুযায়ী, হামলার পর রাস্তায় আহত অবস্থায় পড়ে থাকা অনুপের কাছ থেকে প্রায় আড়াই ভরি ওজনের একটি স্বর্ণের চেইন এবং নগদ ৫১ হাজার টাকা নিয়ে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে তাঁর ছেলে ঘটনাস্থলে পৌঁছে বাবাকে উদ্ধার করেন। পরে তাঁকে দ্রুত জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।
এদিকে ঘটনার পর বুধবার বোধজংনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে অনুপ কুমার সিংহের পরিবার। অভিযোগপত্রে ঝুটন ঘোষ ও বীরেন্দ্র মজুমদারের নাম উল্লেখ করা হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।
ঘটনার প্রকৃত কারণ কী এবং হামলার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পরিবারের পক্ষ থেকে অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।