স্কুটির ধাক্কার পর চালককে মারধরের অভিযোগ, ঘটনায় এলাকায় চাঞ্চল্য
আগরতলা, ৩০ সেপ্টেম্বর: একটু এদিক-ওদিক হলেই ঘটতে পারত বড়সড় বিপদ। বুধবার মলয়নগর এলাকায় স্কুলছাত্রীদের বহনকারী একটি অটো দুর্ঘটনার কবলে পড়লেও অল্পের জন্য প্রাণে রক্ষা পায় মর্ডান ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের কয়েকজন ছাত্রী।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, ছাত্রীদের নিয়ে অটোটি মলয়নগর এলাকার উঁচু রাস্তা ধরে যাওয়ার সময় পিছন দিক থেকে একটি স্কুটি এসে অটোটিতে ধাক্কা দেয়। অটোচালকের বক্তব্য, গাড়িটির ব্রেক ঠিকমতো কাজ না করায় পরিস্থিতি সামাল দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটির সঙ্গে সংঘর্ষ হয়।
এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ। অটোচালকের দাবি, সংঘর্ষের পর স্কুটি চালক তাঁকে মারধর করেন। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে অটোটি রাস্তার পাশের একটি গর্তের দিকে চলে যায়। অটোতে তখন বেশ কয়েকজন স্কুলছাত্রী ছিল।
শেষ মুহূর্তে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। অটোটি গর্তে পড়ে গেলে ছাত্রীদের গুরুতর বিপদের মুখে পড়ার আশঙ্কা ছিল। ঘটনায় কেউ বড় ধরনের আঘাত পেয়েছে কি না, তা নিয়ে স্থানীয়ভাবে বিভিন্ন দাবি থাকলেও বিষয়টি তদন্ত করে দেখার দাবি উঠেছে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমান স্থানীয়রা। কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনাও তৈরি হয়। স্কুলপড়ুয়াদের বহনকারী যানবাহনের নিরাপত্তা এবং চালকদের দায়িত্বশীলতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে মলয়নগরের এই ঘটনা।