Home ত্রিপুরানিখোঁজ কুমারঘাটের ব্যবসায়ী মলয় দেব

নিখোঁজ কুমারঘাটের ব্যবসায়ী মলয় দেব

by Roy
0 comments

আট দিন পেরিয়ে গেলেও খোঁজ নেই, থানায় নিখোঁজ ডায়েরি পরিবারের

কুমারঘাট, ৮ আগস্ট।। বাড়ি থেকে বন্ধুর সঙ্গে দেখা করতে বেরিয়েছিলেন। এরপর থেকেই আর কোনো খোঁজ নেই কুমারঘাটের আশ্রমপল্লীর বাসিন্দা তথা ব্যবসায়ী মলয় দেব ওরফে মানতু দেবের। গত শুক্রবার থেকে তাঁর কোনো সন্ধান না মেলায় গভীর উদ্বেগে রয়েছেন পরিবারের সদস্যরা। নিখোঁজের ঘটনায় কুমারঘাটজুড়ে চাঞ্চল্যও দেখা দিয়েছে।

জানা গেছে, মলয় দেব কুমারঘাটের আশ্রমপল্লীর বাসিন্দা এবং পূর্ত দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মচারী মাখন দেবের একমাত্র পুত্র। পেশায় ব্যবসায়ী মলয় দেব এলাকায় পরিচিত মুখ। পরিবারের দাবি, গত শুক্রবার তিনি নিজের দোকান বন্ধ করে এক বন্ধুর সঙ্গে স্কুটিতে করে ধর্মনগরের উদ্দেশ্যে রওনা দেন। তাঁর সঙ্গে ছিল স্কুটি, কিছু টাকা-পয়সা এবং দোকানের চাবি। এরপর থেকেই তাঁর সঙ্গে পরিবারের আর কোনো যোগাযোগ হয়নি।

ঘটনার পর একে একে আট দিন পেরিয়ে গেলেও এখনও বাড়ি ফেরেননি মলয়। বিভিন্ন জায়গায় খোঁজখবর চালিয়েও তাঁর সন্ধান না মেলায় উদ্বেগ আরও বেড়েছে পরিবারের সদস্যদের মধ্যে।

মলয়ের বাবা মাখন দেব ইতিমধ্যেই কুমারঘাট থানায় নিখোঁজ ডায়েরি করেছেন। পাশাপাশি পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, পরিচিতজন এবং বিভিন্ন জায়গায় তাঁর খোঁজ চালানো হচ্ছে।

banner

পরিবার সূত্রে জানা গেছে, মলয় দেবের বাবা-মা, স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়ে রয়েছে। হঠাৎ করে তাঁর নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় পরিবারের সদস্যরা কার্যত দিশেহারা। স্থানীয় বাসিন্দারাও ঘটনায় উদ্বিগ্ন।

পরিবারের দাবি, মলয় দেবের ব্যক্তিগত বা পারিবারিক কোনো বড় ধরনের সমস্যার কথা তাঁদের জানা নেই। ফলে আচমকা তাঁর নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

You may also like

Leave a Comment