আগরতলা, ৮ আগস্ট: মহিলাদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে অভয়নগরে নেওয়া হলো বিশেষ উদ্যোগ। অভয়নগর স্পোর্টস অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্ট সোসাইটি এবং টিএনজিসিএল-এর যৌথ উদ্যোগে এলাকার ১৫০ জন মহিলার হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
শনিবার অভয়নগরস্থিত হিন্দি উচ্চতর বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপভোক্তাদের হাতে সেলাই মেশিন তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মন্ত্রী টিঙ্কু রায়, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, এলাকার বিজিত প্রার্থী তথা সমাজসেবী পাপিয়া দত্ত-সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।
উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা এবং তাঁদের নিজস্ব কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। সেলাই মেশিনের মাধ্যমে বাড়িতে থেকেই কাজ করার সুযোগ তৈরি হবে। এর ফলে উপভোক্তারা নিজেদের আয় বৃদ্ধির পাশাপাশি পরিবারের আর্থিক সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সমাজসেবী পাপিয়া দত্তের সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে পাপিয়া দত্ত এলাকার সাধারণ মানুষের পাশে থেকে তাঁদের বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। সুখে-দুঃখে এবং বিপদে-আপদে মানুষের পাশে থাকার এই মানসিকতা প্রশংসনীয় বলেও উল্লেখ করেন তিনি।
মেয়র আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া অংশের উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে ধারাবাহিকভাবে কাজ করে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে তাঁদের প্রয়োজন ও সমস্যার কথা বুঝে কাজ করার কারণেই পাপিয়া দত্ত সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছেন বলে মন্তব্য করেন তিনি।
এদিনের কর্মসূচিকে ঘিরে এলাকার মহিলাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। হাতে সেলাই মেশিন পেয়ে উপভোক্তাদের অনেকেই নতুন করে স্বনির্ভর হওয়ার আশার কথা জানান।
উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। ১৫০ জন মহিলার হাতে সেলাই মেশিন তুলে দেওয়ার এই উদ্যোগ কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি তাঁদের আত্মনির্ভরতার পথে এগিয়ে যেতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন উদ্যোক্তারা।
