আগরতলা, ৮ আগস্ট: রাজ্যে ফিরেই তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। শনিবার অনুষ্ঠিত এই বৈঠকে রাজ্যের বিদ্যুৎ পরিস্থিতি, আগরতলা স্মার্ট সিটির অধীনে চলমান উন্নয়নমূলক কাজ এবং জাতীয় সড়ক ও পূর্ত দপ্তরের অধীন সড়কগুলির মেরামত ও রক্ষণাবেক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ, অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মুখ্যসচিব জিতেন্দ্র কুমার সিনহা-সহ রাজ্য সরকার এবং ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড (TSECL)-এর ঊর্ধ্বতন আধিকারিকরা।
বৈঠকের শুরুতেই রাজ্যের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার বর্তমান অবস্থা, বিভিন্ন সমস্যা এবং তা দ্রুত সমাধানের উপায় নিয়ে আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। বিদ্যুৎ পরিষেবা যাতে আরও নিরবচ্ছিন্ন ও কার্যকর করা যায়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এর পাশাপাশি আগরতলা স্মার্ট সিটির আওতায় চলমান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতিও খতিয়ে দেখা হয়। প্রকল্পগুলির কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা এবং নাগরিক পরিষেবার মান আরও উন্নত করার বিষয়ে বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানা যায়।
বৈঠকে রাজ্যের জাতীয় সড়কগুলির পাশাপাশি পূর্ত দপ্তরের অধীন বিভিন্ন সড়কের মেরামত ও রক্ষণাবেক্ষণ নিয়েও আলোচনা হয়। বর্ষাকালে সড়কের ক্ষয়ক্ষতি এবং যান চলাচলে তৈরি হওয়া সমস্যাগুলি দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় মেরামতের ব্যবস্থা করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রের কাজের অগ্রগতি সরেজমিনে পর্যালোচনা করে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।
