আগরতলা,৮ আগস্ট : আসন্ন ভিলেজ কমিটি (ভি.সি.) নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রস্তুতি, রাজনৈতিক সমীকরণ ও ভবিষ্যৎ কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক করল বিজেপির রাজ্য নেতৃত্ব। বৈঠকে নির্বাচনী প্রস্তুতির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী তথা বিজেপির শীর্ষ নেতৃত্বের অন্যতম মুখ ড. মানিক সাহা।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, আগামী ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে দলের বর্তমান অবস্থান, সাংগঠনিক প্রস্তুতি এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচনের আগে দল কীভাবে এগোবে, সেই বিষয়েও বৈঠকে মতবিনিময় হয়েছে বলে তিনি জানান।
অন্য রাজনৈতিক দল বা জোট, বিশেষ করে তিপরা মথার সঙ্গে সম্ভাব্য সমন্বয় কিংবা নির্বাচনী কৌশল নিয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী জানান, বৈঠকে বিভিন্ন বিষয় নিয়েই আলোচনা হয়েছে। তবে আলোচনার বিষয়বস্তু বা সম্ভাব্য সিদ্ধান্ত এখনই প্রকাশ্যে আনা সম্ভব নয়।
মুখ্যমন্ত্রীর বক্তব্য, আলোচনাগুলি এখনও প্রক্রিয়াধীন। কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হলে তা যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, আলোচনার অগ্রগতি ইতিবাচক এবং খুব শীঘ্রই বিষয়টি স্পষ্ট হবে।
আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে ত্রিপুরার রাজনৈতিক মহলে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে। বিজেপির এই বৈঠক এবং মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর নির্বাচনী সমীকরণ কোন দিকে এগোয়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।
