আগরতলা, ৭ আগস্ট: বর্ষাকালে আগরতলা শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিনের জলজট সমস্যার স্থায়ী সমাধানে আরও সক্রিয় হয়েছে আগরতলা পুরনিগম (এএমসি)। শুক্রবার শহরের জলজটপ্রবণ একাধিক এলাকা পরিদর্শন করে দ্রুত ও দীর্ঘমেয়াদি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার।
এদিন মেয়র পুরনিগমের কমিশনার, প্রকৌশলী এবং অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে শহরের আরএমএস চৌমুহনী, জয়নগর-সহ বিভিন্ন জলাবদ্ধতাপ্রবণ এলাকা ঘুরে দেখেন। পরিদর্শনের সময় তিনি নিকাশি ব্যবস্থার বর্তমান অবস্থা খতিয়ে দেখেন এবং কোথায় কোথায় জল নিষ্কাশনে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে, তা চিহ্নিত করেন। সংশ্লিষ্ট আধিকারিকদের অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি ভবিষ্যতের জন্য স্থায়ী সমাধানের পরিকল্পনা বাস্তবায়নের নির্দেশ দেন তিনি।
মেয়র বলেন, বর্ষাকালে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব করে জলজট সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করাই পুরনিগমের মূল লক্ষ্য। সে কারণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
পরিদর্শনের অংশ হিসেবে মেয়র আগরতলা শিশু উদ্যানে নির্মীয়মাণ কফি হাউস প্রকল্পের কাজও পরিদর্শন করেন। নির্মাণকাজের অগ্রগতি পর্যালোচনা করে নির্ধারিত সময়সীমার মধ্যেই প্রকল্পের কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
এদিনের পরিদর্শনে মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্না দত্ত, এএমসি পূর্ব জোনের চেয়ারম্যান সুখময় সাহা, পুরনিগমের কমিশনার সাজু ওয়াহিদ এ-সহ সংশ্লিষ্ট প্রকৌশলী ও আধিকারিকরা।
