Home ত্রিপুরামারুতি সুইফট ও অটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ৬

মারুতি সুইফট ও অটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ৬

by Rajesh Roy
0 comments

আগরতলা, ৭ আগস্ট: তেলিয়ামুড়া থানাধীন সাউথ পুলিনপুর এলাকার আসাম-আগরতলা জাতীয় সড়কে শুক্রবার ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি মারুতি সুইফট গাড়ি ও একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত ছয়জন গুরুতর আহত হন। আহতদের প্রথমে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় সকলকেই উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবিপি হাসপাতালে রেফার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রামখোরপাড়া থেকে TR-06E-0378 নম্বরের একটি মারুতি সুইফট গাড়ি তেলিয়ামুড়ার দিকে আসছিল। অভিযোগ, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা TR-06A-2002 নম্বরের একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতায় অটোর পাঁচজন যাত্রী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর অটোর চালক গাড়ির সামনের অংশে আটকে পড়েন।

স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে নেমে চালককে গাড়ি থেকে বের করে আনেন এবং অগ্নিনির্বাপক দপ্তরে খবর দেন। খবর পেয়ে অগ্নিনির্বাপক দপ্তরের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। আহতদের দ্রুত তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা আহত ছয়জনের শারীরিক অবস্থার গুরুত্ব বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য আগরতলার জিবিপি হাসপাতালে রেফার করেন।

banner

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়ি উদ্ধার করে। কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে তেলিয়ামুড়া থানার পুলিশ।

You may also like

Leave a Comment