আগরতলা, ৭ আগস্ট: ত্রিপুরার প্রতিভার মুকুটে যুক্ত হলো আরও একটি নতুন পালক। গোমতী জেলার উদয়পুরের কৃতি কন্যা সায়ন্তিকা ধর টলিউডে অভিনয়ের মাধ্যমে রাজ্যের নাম উজ্জ্বল করেছেন। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বাংলা চলচ্চিত্র ‘আনন্দ আশ্রম’-এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে তাঁর। ‘মা দুর্গা প্রোডাকশন’-এর প্রযোজনায় এবং পরিচালক রঞ্জন দত্ত-এর পরিচালনায় নির্মিত ছবিটি গত ৩১ জুলাই, ২০২৬ মুক্তি পেয়েছে এবং ইতিমধ্যেই দর্শক ও চলচ্চিত্র মহলে ইতিবাচক সাড়া ফেলেছে।
সায়ন্তিকা ত্রিপুরা পুলিশের প্রয়াত ডিএসপি সুরজিৎ ধর এবং রাখি সিংহ ধর-এর কন্যা। বর্তমানে তিনি নবম শ্রেণির ছাত্রী। ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি ক্লাসিক্যাল ও ওয়েস্টার্ন নৃত্যে দক্ষতা অর্জন করেন। অভিনয়ের প্রতি আগ্রহ থেকেই ২০২৫ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিজ্ঞাপন দেখে অডিশনে অংশ নেন। এরপর কলকাতায় প্রশিক্ষণ গ্রহণের পর চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পান।
‘আনন্দ আশ্রম’ ছবির কাহিনি একটি অনাথ আশ্রমকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। সামাজিক বার্তাধর্মী এই ছবিতে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ ও মানবিক মূল্যবোধের বিষয়টি তুলে ধরা হয়েছে। ছবিতে সায়ন্তিকার পাশাপাশি অভিনয় করেছেন বোধিসত্ত্ব মজুমদার, কৌশিক ব্যানার্জী, লাবণী সরকার-সহ টলিউডের একাধিক অভিজ্ঞ শিল্পী।
নিজের প্রথম চলচ্চিত্র নিয়ে উচ্ছ্বসিত সায়ন্তিকা জানান, মায়ের অনুপ্রেরণা ও পরিবারের সহযোগিতাই তাঁকে এই জায়গায় পৌঁছাতে সাহায্য করেছে। ভবিষ্যতে অভিনয় জগতে নিজেকে আরও প্রতিষ্ঠিত করার পাশাপাশি পড়াশোনাও সমান গুরুত্ব দিয়ে চালিয়ে যেতে চান তিনি।
সায়ন্তিকার মা রাখি সিংহ ধর বলেন, বর্তমান সময়ে সন্তানদের শুধু পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের প্রতিভা ও আগ্রহ অনুযায়ী এগিয়ে যেতে উৎসাহিত করা উচিত। টেলিভিশন ও চলচ্চিত্র জগতেও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার যথেষ্ট সুযোগ রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
ত্রিপুরার একটি ছোট শহর থেকে টলিউডের বড় পর্দায় সায়ন্তিকা ধরের এই সাফল্য রাজ্যের তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। তাঁর এই অর্জনে গোমতী জেলা তথা সমগ্র ত্রিপুরায় আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।
