ধর্মনগর, ৭ আগস্ট: ধর্মনগরে নির্মীয়মাণ আধুনিক বাজারের কাজ চলাকালীন সময়ে স্থানান্তরিত অস্থায়ী মাছ ও মাংস বাজার পরিদর্শন করলেন স্থানীয় বিধায়ক জহর চক্রবর্তী। শুক্রবার বিকেলে তিনি ধর্মনগর মহকুমা শাসক তথা ধর্মনগর পুর পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার দেবযানী চৌধুরী এবং পুর পরিষদের চেয়ারপার্সন মিতালী দাস সেন-কে সঙ্গে নিয়ে বাজার এলাকা ঘুরে দেখেন।
পরিদর্শনের সময় অস্থায়ী বাজারে মাছ ও মাংস বিক্রেতাদের সঙ্গে কথা বলে তাঁদের বিভিন্ন সমস্যা ও অসুবিধার কথা শোনেন প্রতিনিধিদল। বাজারের পরিকাঠামো, পানীয় জল, পরিচ্ছন্নতা এবং অন্যান্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা খতিয়ে দেখে দ্রুত সমস্যাগুলির সমাধানে পুর পরিষদকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন বিধায়ক।
পরিদর্শন শেষে ধর্মনগরের ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন নিয়েও আলোচনা হয়। শহরের যানজট কমানো এবং যানবাহন চলাচলে শৃঙ্খলা আনতে ইলেকট্রিক হাই-স্পিড অটো ও ডিজেল অটোর জন্য একটি অস্থায়ী স্ট্যান্ড তৈরির নির্দেশ দেন জহর চক্রবর্তী।
বিধায়ক জানান, মহেশ স্মৃতি ময়দানে আগামী এক সপ্তাহের মধ্যে অস্থায়ী অটো স্ট্যান্ড নির্মাণের কাজ সম্পন্ন করতে হবে। এতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অযথা যানবাহন দাঁড়িয়ে থাকার প্রবণতা কমবে এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষও এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের আশা, অস্থায়ী বাজারে প্রয়োজনীয় পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি পরিকল্পিত অটো স্ট্যান্ড চালু হলে ধর্মনগর শহরের যানজট অনেকটাই নিয়ন্ত্রণে আসবে।
