আগরতলা, ৭ আগস্ট: বড়জলা মণ্ডল বিজেপির সভাপতি হিসেবে রাজীব ঘোষের নাম ঘোষণার পর থেকেই সংগঠনের কার্যক্রমে নতুন গতি এসেছে বলে দাবি করেছেন দলের কর্মী-সমর্থকরা। মণ্ডলজুড়ে বুথভিত্তিক সাংগঠনিক কর্মসূচি, জনসংযোগ এবং সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে কি না, তা খতিয়ে দেখতে ধারাবাহিকভাবে বিভিন্ন এলাকায় সফর করছেন তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, রাজীব ঘোষের নেতৃত্বে শুধু বুথ নয়, প্রতিটি শক্তিকেন্দ্রকে আরও সক্রিয় করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। কোথায় সাংগঠনিক দুর্বলতা রয়েছে, কোন বুথে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রয়োজন—এসব বিষয় বুথ সভাপতিদের সঙ্গে আলোচনা করে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
এছাড়াও বিভিন্ন এলাকায় বিপিএল ও অন্ত্যোদয় রেশন কার্ড, সামাজিক ভাতা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, শৌচাগার নির্মাণসহ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছেছে কি না, তাও খোঁজ নেওয়া হচ্ছে বলে দলীয় সূত্রের দাবি।
২০২৩ সালের বিধানসভা নির্বাচনে বড়জলা কেন্দ্রে বিজেপির পরাজয়ের কারণ বিশ্লেষণেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। কোন কোন ক্ষেত্রে সাংগঠনিক দুর্বলতা ছিল এবং ভবিষ্যতে সেগুলি কীভাবে কাটিয়ে ওঠা যায়, তা নিয়ে তৃণমূল স্তরের কর্মীদের সঙ্গে ধারাবাহিক আলোচনা চলছে।
দলীয় কর্মীদের একাংশের বক্তব্য, রাজীব ঘোষের মাটি ও মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ রয়েছে। তাঁর নেতৃত্বে বড়জলা মণ্ডলে বিজেপির সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী হবে এবং আগামী নির্বাচনে ‘দুর্গ পুনরুদ্ধার’-এর লক্ষ্যে দল এগিয়ে যাবে। সেই লক্ষ্যকে সামনে রেখেই বড়জলা মণ্ডলের কার্যকর্তারা নতুন উদ্যমে সংগঠনকে শক্তিশালী করার শপথ গ্রহণ করেছেন।
