Home ত্রিপুরা৮ দফা দাবিতে কুমারঘাটে অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকাদের মিছিল, এসডিএমের কাছে স্মারকলিপি

৮ দফা দাবিতে কুমারঘাটে অঙ্গনওয়াড়ি কর্মী-সহায়িকাদের মিছিল, এসডিএমের কাছে স্মারকলিপি

by Rajesh Roy
0 comments

আগরতলা, ৭ আগস্ট: দ্রব্যমূল্যের লাগামছাড়া ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে শুক্রবার কুমারঘাটে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করলেন ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী সংঘ ও সহায়িকারা। ভারতীয় মজদুর সংঘ (BMS)-এর ঊনকোটি জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা অংশ নেন।

মিছিলটি কুমারঘাট শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মহকুমা শাসকের (এসডিএম) কার্যালয়ে পৌঁছায়। সেখানে আন্দোলনকারীরা তাঁদের বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি এসডিএমের হাতে তুলে দেন।

আন্দোলনকারীদের দাবি, নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর মূল্যবৃদ্ধির কারণে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে সম্পূরক পুষ্টি কর্মসূচি (SNP) পরিচালনা করা ক্রমশ কঠিন হয়ে পড়েছে। তাঁদের অভিযোগ, সরকারি নির্ধারিত বরাদ্দের তুলনায় বাজারে ডিম, সয়াবিন তেল, ছানা, চিঁড়া, সুজি-সহ বিভিন্ন খাদ্যসামগ্রীর দাম অনেক বেশি। পাশাপাশি মোবাইল রিচার্জের খরচও বেড়েছে, যা প্রকল্প পরিচালনায় অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী সংঘের রাজ্য সভানেত্রী তথা ঊনকোটি জেলার মহিলা প্রমুখ আল্পনা দেবনাথ, ভারতীয় মজদুর সংঘের ঊনকোটি জেলা সম্পাদক পীযূষ দাস, পেচারথল প্রকল্পের সভানেত্রী নয়ন মল্লিকা চাকমা, কুমারঘাট প্রকল্পের সভানেত্রী অঞ্জলি দেবনাথ-সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

banner

সাংবাদিকদের মুখোমুখি হয়ে আল্পনা দেবনাথ ও পীযূষ দাস অভিযোগ করেন, কিছু বিরোধী সংগঠনের সদস্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে গিয়ে কর্মীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তাঁরা। একই সঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মীদের ন্যায্য দাবি-দাওয়ার বিষয়ে রাজ্য সরকার ইতিবাচক পদক্ষেপ নেবে বলেও আশা প্রকাশ করেন।
আন্দোলনকারীরা জানান, দ্রুত তাঁদের ৮ দফা দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন।

You may also like

Leave a Comment