আগরতলা, ৭ আগস্ট: ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন (টিএফএ) পরিচালিত ঘরোয়া বি-ডিভিশন ফুটবল লিগে দুর্দান্ত জয় তুলে নিয়ে রানার্স-আপের লড়াইয়ে নিজেদের অবস্থান আরও মজবুত করল নবোদয় সংঘ। শুক্রবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নবোদয় সংঘ ৬-২ গোলে পরাজিত করে বিবেকানন্দ ক্লাবকে।
এই জয়ের ফলে সাত ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে রানার্স-আপের দৌড়ে এগিয়ে গেল নবোদয় সংঘ। টানা তিন ম্যাচ জয়হীন থাকার পর এই জয় দলের আত্মবিশ্বাসও অনেকটাই বাড়িয়ে দিল। অন্যদিকে এই হারের ফলে রানার্স-আপ হওয়ার লড়াইয়ে কিছুটা পিছিয়ে পড়ল বিবেকানন্দ ক্লাব।
ম্যাচে নবোদয় সংঘের হয়ে সর্বোচ্চ দুটি গোল করেন রবার্ট হালাম। তিনি ৪৩ ও ৬২ মিনিটে জোড়া গোল করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। এছাড়া ১৯ মিনিটে বিমল রিয়াং, ৭০ মিনিটে অপজিৎ ত্রিপুরা, ৮৭ মিনিটে রিচারা ত্রিপুরা এবং যোগ করা সময়ের (৯৩ মিনিট) কৃষ্ণ কিশোর জমাতিয়া একটি করে গোল করেন।
বিবেকানন্দ ক্লাবের হয়ে ৩৭ মিনিটে হাইয়ুং জমাতিয়া এবং ৪৯ মিনিটে লালভেনজা ডারলং একটি করে গোল শোধ করলেও বড় ব্যবধানের হার এড়াতে পারেনি দলটি।
নবোদয়ের এই জয়ের ফলে বি-ডিভিশন লিগের রানার্স-আপের লড়াই আরও জমে উঠেছে। এখন শেষ কয়েকটি ম্যাচের ফলাফলের ওপরই নির্ভর করবে লিগে দলগুলির চূড়ান্ত অবস্থান।
