আগরতলা, ৮ আগস্ট: রাজ্যের বিদ্যুৎ পরিষেবার বেহাল দশা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআই(এম) নেতা মানিক সরকার। বিদ্যুৎ পরিষেবা নিয়ে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “কৃষিমন্ত্রী ক্ষেতে নামলেন, কিন্তু বিদ্যুৎমন্ত্রী খুঁটি তুলছেন না কেন?”
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মানিক সরকার বলেন, শুধু বিদ্যুৎ নয়—শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, মানুষের ক্রয়ক্ষমতা এবং সামগ্রিকভাবে বেঁচে থাকার বিষয়গুলোও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর অভিযোগ, বর্তমানে প্রতিটি ক্ষেত্রেই সাধারণ মানুষ নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।
রাজ্যের বিদ্যুৎ পরিষেবার প্রসঙ্গ তুলে ধরে প্রাক্তন মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বিদ্যুৎ দপ্তরে বর্তমানে এক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। তাঁর দাবি, বামফ্রন্ট সরকারের সময় রাজ্যে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর জন্য ধারাবাহিকভাবে উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই সময় ত্রিপুরা থেকে দিল্লি, উত্তরপ্রদেশসহ উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।
মানিক সরকারের দাবি, বর্তমানে রাজ্যে নতুন করে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি নেই। অথচ বিদ্যুতের সমস্যা নিয়ে সাধারণ মানুষকে নানা ধরনের ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। তিনি বলেন বিদ্যুৎ পরিষেবার সমস্যার স্থায়ী সমাধানের পরিবর্তে বিভিন্ন অজুহাতে সাধারণ মানুষের উপর আর্থিক চাপ বাড়ছে।
তিনি আরও অভিযোগ করেন, সরকারের মন্ত্রী ও বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের একাংশ কাজের পরিবর্তে প্রচার ও বড় বড় বক্তব্যে বেশি গুরুত্ব দিচ্ছেন। বিদ্যুৎ পরিষেবার উন্নয়নে বাস্তব পদক্ষেপ গ্রহণের দাবি জানান তিনি।
সম্প্রতি একটি বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনাকে কেন্দ্র করেও ক্ষোভ প্রকাশ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, রাজনৈতিক সংকীর্ণতার কারণে কোনো গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়ে থাকলে তা অত্যন্ত নিন্দনীয়। তবে সমস্যার প্রতিবাদে সাধারণ মানুষকে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করার আহ্বান জানান তিনি।
মানিক সরকার বলেন, বিদ্যুৎ দপ্তরের সরকারি সম্পত্তি ভাঙচুর বা সরকারি কার্যালয়ে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কারণ এই সমস্ত সম্পদ সাধারণ মানুষের করের টাকায় তৈরি। তাই দাবি আদায়ের জন্য ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ আন্দোলনের পথেই এগোনোর আহ্বান জানান তিনি।
বর্তমান সময়ে বিদ্যুৎ মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে উল্লেখ করে মানিক সরকার দ্রুত বিদ্যুৎ পরিষেবার সমস্যা দূর করা এবং সাধারণ মানুষের উপর চাপ কমাতে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
