Home আগরতলারক্তদান শিবিরে মানবিক ও গণতান্ত্রিক দায়িত্বের বার্তা প্রাক্তন মুখ্যমন্ত্রীর

রক্তদান শিবিরে মানবিক ও গণতান্ত্রিক দায়িত্বের বার্তা প্রাক্তন মুখ্যমন্ত্রীর

by Roy
0 comments

আগরতলা, ৮ আগস্ট: প্রাক্তন বাম বিধায়ক ও বর্ষীয়ান গণতান্ত্রিক আন্দোলনের নেতা গৌরী ভট্টাচার্যের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। শনিবার আগরতলা জেলা আদালতের নতুন ভবনের নিচতলায় অবস্থিত ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন হলে সারা ভারত আইনজীবী ইউনিয়ন (AILU)-এর উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধন করতে এসে তিনি প্রয়াত গৌরী ভট্টাচার্যের স্মৃতিচারণ করেন।

গৌরী ভট্টাচার্যের প্রয়াণে শোকপ্রকাশ করে মানিক সরকার বলেন, স্বজন ও প্রিয়জনকে হারানোর বেদনায় মন অত্যন্ত ভারাক্রান্ত। এই পরিস্থিতিতে আলাদাভাবে বক্তব্য রাখার মতো মানসিক অবস্থা না থাকলেও আইনজীবীদের সুশৃঙ্খল সংগঠন এবং রক্তদানের মতো মানবিক সামাজিক উদ্যোগকে সম্মান জানাতেই তিনি অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন।

রক্তদান শিবিরে তরুণ আইনজীবীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বহু তরুণ আইনজীবী নিয়মিত রক্তদান করছেন। তাঁদের এই উদ্যোগ সমাজের মধ্যে রক্তদান সম্পর্কে থাকা বিভিন্ন দ্বিধা ও ভয় দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

banner

মানিক সরকার আরও বলেন, রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও ঘাটতি রয়েছে। হাসপাতালে চিকিৎসা পরিষেবা নিতে গিয়ে বহু মানুষ নানা সমস্যার সম্মুখীন হন। এমন পরিস্থিতিতে মানুষের জীবন রক্ষায় রক্তের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই রক্তদানকে শুধুমাত্র কোনো একটি সংগঠনের বার্ষিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে সারা বছর বিভিন্ন সময়ে সামাজিক উদ্যোগ হিসেবে রক্তদান কর্মসূচি আয়োজনের আহ্বান জানান তিনি।

শুধু রক্তদান নয়, চক্ষুদানের মতো মহৎ সামাজিক উদ্যোগকেও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী। সমাজের মানুষের মধ্যে এই ধরনের মানবিক উদ্যোগের গুরুত্ব আরও বেশি করে তুলে ধরতে নিয়মিত কর্মসূচি গ্রহণের প্রয়োজন রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে আইনজীবীদের সামাজিক ও পেশাগত দায়িত্বের বিষয়টিও তুলে ধরেন মানিক সরকার। তাঁর বক্তব্য, গণতান্ত্রিক অধিকার ও ন্যায়বিচারের প্রশ্নে আক্রান্ত ও অসহায় মানুষ প্রায়ই শেষ আশ্রয় হিসেবে আদালতের দ্বারস্থ হন। দূর-দূরান্ত থেকে আসা বহু বিচারপ্রার্থী আর্থিকভাবে দুর্বল হওয়ায় আইনজীবীদের ফি দেওয়ার সামর্থ্যও তাঁদের থাকে না। এই ধরনের মানুষের পাশে দাঁড়িয়ে আইনি সহায়তা দেওয়াকে আইনজীবীদের একটি গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব হিসেবে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়েও নিজের মতামত তুলে ধরেন মানিক সরকার। তাঁর অভিযোগ, গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার আক্রান্ত হলে সাধারণ মানুষ ন্যায়বিচারের জন্য আদালতের দ্বারস্থ হন। সেই পরিস্থিতিতে আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

এদিনের রক্তদান শিবিরে AILU-এর রাজ্য ও জেলা শাখার বহু আইনজীবী এবং কর্মী উপস্থিত ছিলেন। আইনজীবীদের পাশাপাশি তরুণ প্রজন্মের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রক্তদান কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে। রক্তদানকারীদের উৎসাহিত করার পাশাপাশি আয়োজকদের এই উদ্যোগের জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী।

You may also like

Leave a Comment