Home আগরতলাঅবহেলায় বেহাল ঝুলন্ত স্টিল ফুটব্রিজ, বড় বড় গর্তে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা

অবহেলায় বেহাল ঝুলন্ত স্টিল ফুটব্রিজ, বড় বড় গর্তে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা

by Roy
0 comments

আতঙ্ক নিয়ে প্রতিদিন পারাপার সাধারণ মানুষের, সংস্কারের দাবিতে সরব স্থানীয়রা

আগরতলা, ৮ আগস্ট: দীর্ঘদিনের অবহেলা ও সংস্কারের অভাবে ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে মেলাঘর থেকে তেলকাজলা যাওয়ার ঝুলন্ত স্টিল ফুটব্রিজ। সেতুর বিভিন্ন অংশের স্টিলের পাত ক্ষয়ে গিয়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। সেই ঝুঁকিপূর্ণ অংশ দিয়েই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন অসংখ্য মানুষ। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা দেখা দিয়েছে।

গোমতী নদীর দক্ষিণ পাড়ের পাঁচটি পঞ্চায়েত এলাকার মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম এই ঝুলন্ত সেতুটি। প্রতিদিন বহু পথচারী এই সেতু ব্যবহার করলেও বর্তমানে সেতুর বেহাল দশা তাঁদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। বিশেষ করে সেতুর স্টিলের পাতের বিভিন্ন অংশে বড় বড় গর্ত থাকায় অসাবধানতাবশত পা পড়ে গেলে গুরুতর দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয়দের দাবি, সেতুটির বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরেই ক্ষতিগ্রস্ত। এমনকি ছোটখাটো দুর্ঘটনাও ঘটেছে বলে অভিযোগ তাঁদের। পরিস্থিতি নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করা হলেও এখনও পর্যন্ত স্থায়ী সংস্কারের উদ্যোগ চোখে পড়ছে না।

অভিযোগ, প্রায় এক মাস আগেও বিভিন্ন সংবাদমাধ্যমে এই ঝুলন্ত ফুটব্রিজের বেহাল দশার চিত্র তুলে ধরা হয়েছিল। সংবাদ প্রকাশের পরও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। ফলে দিন যত যাচ্ছে, ততই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে সেতুটির পরিস্থিতি।

banner

জানা যায়, ২০১৩ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার তেলকাজলা যাওয়ার এই ঝুলন্ত স্টিল সেতুটির উদ্বোধন করেছিলেন। দীর্ঘ সময় ধরে ব্যবহারের ফলে সেতুটির বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হলেও নিয়মিত রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে বর্তমানে সেটি কার্যত বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে।

স্থানীয়দের প্রশ্ন, বড় কোনো দুর্ঘটনা ঘটার পরই কি সংশ্লিষ্ট দপ্তরের টনক নড়বে? নাকি তার আগেই সেতুটির বিপজ্জনক অংশগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হবে? তাঁদের অভিযোগ, মানুষের নিরাপত্তার সঙ্গে যুক্ত এমন একটি গুরুত্বপূর্ণ সেতুর ক্ষেত্রে এ ধরনের গাফিলতি কোনোভাবেই কাম্য নয়।

সাধারণ মানুষের দাবি, দ্রুত সেতুটি সরেজমিনে পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত অংশ চিহ্নিত করা হোক। বড় বড় গর্ত ও নষ্ট হয়ে যাওয়া স্টিলের পাত দ্রুত মেরামতের পাশাপাশি সেতুটির সামগ্রিক নিরাপত্তা পরীক্ষা করা হোক। একই সঙ্গে, সংস্কারের কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তাঁরা।

এখন দেখার বিষয়, বড় কোনো দুর্ঘটনার অপেক্ষা না করে সংশ্লিষ্ট দপ্তর কবে এই ঝুঁকিপূর্ণ ঝুলন্ত সেতুটির সংস্কারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।

You may also like

Leave a Comment