সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অবাধ ভোট নিশ্চিত করতে প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখলেন প্রদীপ কুমার চক্রবর্তী
নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২৩ সেপ্টেম্বর:
আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ADC ভিলেজ কমিটি নির্বাচন। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে খোয়াই জেলায় নির্বাচনী প্রস্তুতির সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করলেন রাজ্য নির্বাচন কমিশনার প্রদীপ কুমার চক্রবর্তী।
বুধবার খোয়াই জেলার একাধিক ব্লকে গিয়ে তিনি স্ট্রং রুম, ভোট গণনাকেন্দ্র এবং পোলিং স্টেশন পরিদর্শন করেন। তাঁর সঙ্গে ছিলেন খোয়াই জেলার জেলাশাসক ও জেলা নির্বাচন আধিকারিক রজত পন্থ, অতিরিক্ত জেলাশাসক অভিজিৎ চক্রবর্তী, আরক্ষা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক এবং সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা।
পরিদর্শনের শুরুতেই রাজ্য নির্বাচন কমিশনার পদ্মবিল ব্লকের স্ট্রং রুম, কাউন্টিং সেন্টার এবং একটি পোলিং স্টেশন ঘুরে দেখেন। সেখানে ভোটের সামগ্রী সংরক্ষণ, নিরাপত্তা ব্যবস্থা এবং ভোটগ্রহণ ও গণনার জন্য পরিকাঠামোগত প্রস্তুতি খতিয়ে দেখেন তিনি।
এরপর তিনি তুলাশিখর ব্লকে যান। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বিশ্ব দেববর্মাকে সঙ্গে নিয়ে ভারত সর্দারপাড়া বিদ্যালয়ে তৈরি করা তুলাশিখর ব্লকের স্ট্রং রুম ও কাউন্টিং সেন্টার পরিদর্শন করেন রাজ্য নির্বাচন কমিশনার। নির্বাচন সংক্রান্ত বিভিন্ন প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে আধিকারিকদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন তিনি।
পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য নির্বাচন কমিশনার প্রদীপ কুমার চক্রবর্তী জানান, নির্বাচন যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়, তা নিশ্চিত করতেই খোয়াই জেলার প্রতিটি ব্লকের নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখা হচ্ছে। স্ট্রং রুম, কাউন্টিং সেন্টার থেকে শুরু করে ভোটগ্রহণ কেন্দ্র পর্যন্ত সমস্ত ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, খোয়াই জেলার জেলাশাসক রজত পন্থ নির্বাচন সংক্রান্ত বিষয়গুলিকে বিশেষ গুরুত্ব দিয়ে পরিচালনা করছেন। সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিক ও রিটার্নিং অফিসারদের সমন্বয়ে নির্বাচনী প্রস্তুতির কাজ এগিয়ে চলছে।