Home ত্রিপুরাখাদ্য সুরক্ষা প্রকল্পের সুবিধা পৌঁছতে মাঠে সচেতনতা অভিযান, আট জেলার এসডিএমদের সঙ্গে বৈঠকে মন্ত্রী সুশান্ত চৌধুরীর

খাদ্য সুরক্ষা প্রকল্পের সুবিধা পৌঁছতে মাঠে সচেতনতা অভিযান, আট জেলার এসডিএমদের সঙ্গে বৈঠকে মন্ত্রী সুশান্ত চৌধুরীর

by Debasish
0 comments 5 views

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: রাজ্যের খাদ্য সুরক্ষা প্রকল্পগুলির সুবিধা যাতে যোগ্য উপভোক্তাদের কাছে সঠিকভাবে পৌঁছে যায়, তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে সচেতনতা কর্মসূচি জোরদার করার উদ্যোগ নিল খাদ্য, নাগরিক সরবরাহ ও ভোক্তা বিষয়ক দপ্তর। সোমবার রাজ্যের আটটি জেলার মহকুমা শাসকদের (এসডিএম) সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে এই কর্মসূচির প্রস্তুতি পর্যালোচনা করেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।

ভিডিও কনফারেন্সে মূলত জাতীয় খাদ্য সুরক্ষা আইন বা NFSA-র আওতাভুক্ত উপভোক্তাদের মধ্যে সরকারি খাদ্য সুরক্ষা প্রকল্পগুলি সম্পর্কে সচেতনতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায়। বিশেষ করে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা (PMGKAY), টার্গেটেড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম (TPDS) এবং ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড (ONORC)-এর আওতায় থাকা সুবিধাভোগীদের কাছে প্রকল্পগুলির সুযোগ-সুবিধা ও প্রাপ্য অধিকার সম্পর্কে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার ওপর জোর দেওয়া হয়।

বৈঠকে মহকুমা ও ব্লকস্তরে কীভাবে সচেতনতা কর্মসূচি আরও কার্যকরভাবে পরিচালনা করা যায়, তা নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন মন্ত্রী। সাধারণ মানুষ যাতে তাঁদের প্রাপ্য খাদ্যসামগ্রী ও সরকারি সুবিধা সম্পর্কে অবগত থাকেন এবং কোনও বিভ্রান্তি বা তথ্যের অভাবে পরিষেবা থেকে বঞ্চিত না হন, সেদিকে নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

মন্ত্রী সুশান্ত চৌধুরী আধিকারিকদের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেন। তাঁর নির্দেশ, সচেতনতা কর্মসূচিকে শুধু প্রশাসনিক স্তরে সীমাবদ্ধ না রেখে তা তৃণমূল পর্যায়ে যোগ্য উপভোক্তাদের কাছে পৌঁছে দিতে হবে।

এক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তর ও আধিকারিকদের পারস্পরিক সহযোগিতারও আহ্বান জানান তিনি। জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়।

সরকারি সূত্রে জানা গেছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হল খাদ্য সুরক্ষা প্রকল্পগুলির আওতায় থাকা মানুষকে তাঁদের অধিকার ও প্রাপ্য সুবিধা সম্পর্কে আরও সচেতন করা এবং পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে সরকারি সুবিধা প্রদানের প্রক্রিয়াকে আরও কার্যকর করা।

You may also like

Leave a Comment