ধর্মনগর, ১ সেপ্টেম্বর: নেশাবিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল কাঞ্চনপুর থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও আসাম রাইফেলসের যৌথ অভিযানে রবীন্দ্রনগর এফসিআই গোডাউন সংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। ঘটনায় শংকর রিয়াং নামে এক যুবককে একটি বাইকসহ আটক করা হয়েছে।
জানা গেছে, কাঞ্চনপুর মহকুমার পুলিশ আধিকারিক উৎপলেন্দু দেবনাথের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে কাঞ্চনপুর থানার ওসি শ্রীকান্ত রুদ্র পাল এবং আসাম রাইফেলসের জওয়ানরা অংশ নেন।
অভিযানে আটক যুবকের কাছ থেকে মোট ৯,৫০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লক্ষ টাকা বলে জানান এসডিপিও উৎপলেন্দু দেবনাথ।
ঘটনার পর কাঞ্চনপুর থানায় 31/26 KCP/PS/NDPS ধারায় মামলা গ্রহণ করে তদন্ত শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের বাড়ি কাঞ্চনপুর থানাধীন সুকনাছড়া এলাকায়। দীর্ঘদিন ধরে সে নেশা কারবারের সঙ্গে যুক্ত বলে অভিযোগ রয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া ইয়াবাগুলি কাঞ্চনপুর থেকে ধলাই জেলার মনুর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এই নেশাচক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।