কলসি হাতে মহিলাদের বিক্ষোভ, ভিসি নির্বাচনের আগে বেহাল পরিষেবা নিয়ে ক্ষোভ
গণ্ডাছড়া, ৭ সেপ্টেম্বর: সামনে ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন। তার মধ্যেই তীব্র পানীয় জলের সংকটে ক্ষোভে ফেটে পড়লেন গণ্ডাছড়ার বাসিন্দারা। দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা সমাধান না হওয়ার অভিযোগ তুলে সোমবার সকালে গণ্ডাছড়া–রাইশ্যাবাড়ি সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় মহিলারা।
জানা গেছে, গণ্ডাছড়া মহকুমা শাসকের কার্যালয়ের কাছাকাছি ডুডুমনি পাড়ার বাসিন্দারা বেশ কয়েকদিন ধরে তীব্র পানীয় জলের সংকটে ভুগছেন। স্থানীয়দের অভিযোগ, এলাকায় পানীয় জল সরবরাহের জন্য ব্যবহৃত পাম্প মেশিনটি দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে। বিষয়টি পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকদের জানানো হলেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পাম্পটি মেরামত করা হয়নি বলে অভিযোগ।
বারবার জানিয়েও সমস্যার সমাধান না হওয়ায় ক্ষুব্ধ হয়ে সোমবার সকালে সারমা পঞ্চায়েত কার্যালয়ের কাছে গণ্ডাছড়া–রাইশ্যাবাড়ি সড়কে পথ অবরোধ করেন এলাকার মহিলারা। হাতে পানীয় জলের কলসি নিয়ে তাঁরা অবিলম্বে জল সরবরাহ স্বাভাবিক করার দাবি জানান।
খবর পেয়ে পানীয় জল ও স্বাস্থ্যবিধান দপ্তরের আধিকারিকদের পাশাপাশি গণ্ডাছড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বিক্ষোভকারীদের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা করেন দপ্তরের আধিকারিকরা। আলোচনায় বিকল পাম্প মেশিন দ্রুত মেরামত করে জল সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দেওয়া হয়।
আধিকারিকদের আশ্বাসের পর অবশেষে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
তবে দীর্ঘ সময় ধরে রাস্তা অবরোধের জেরে গণ্ডাছড়া–রাইশ্যাবাড়ি সড়কে যান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়। রাস্তার দু’পাশে আটকে পড়ে বহু যানবাহন। চরম দুর্ভোগের মুখে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।
এদিকে, ভিলেজ কমিটি নির্বাচন আর মাত্র কয়েক সপ্তাহ দূরে। নির্বাচনের প্রস্তুতির মাঝেই পানীয় জলের মতো একটি মৌলিক নাগরিক পরিষেবা নিয়ে সাধারণ মানুষের এই বিক্ষোভ স্বাভাবিকভাবেই নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এলাকার বাসিন্দাদের একাংশের প্রশ্ন, নির্বাচনের আগে যদি পানীয় জলের মতো জরুরি পরিষেবাই স্বাভাবিক না থাকে, তাহলে তৃণমূল স্তরে নাগরিক পরিষেবার বাস্তব চিত্র কী—তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।