তীব্র গরমে বিদ্যুতের জন্য হাহাকার, অফিসেই মদের আসর? চাঞ্চল্য কাঞ্চনপুরে
নিজস্ব প্রতিনিধি, দশদা: তীব্র গরমে বিদ্যুৎ পরিষেবা নিয়ে যখন কাঞ্চনপুর মহকুমাজুড়ে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে, তখন দশদা বিদ্যুৎ অফিসকে ঘিরে উঠল গুরুতর অভিযোগ। শনিবার রাতে বিদ্যুৎ না পেয়ে ক্ষুব্ধ কয়েকজন যুবক অফিসে গেলে সেখানে মদ্যপানের আসর চলছিল বলে অভিযোগ করেন তাঁরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, গত কয়েকদিন ধরে কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন এলাকায় ঘনঘন বিদ্যুৎ আসা-যাওয়ায় সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন। তীব্র গরমের মধ্যে দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকায় ক্ষোভ বাড়ছিল। এরই মধ্যে শনিবার রাতে বিদ্যুৎ বিভ্রাটের প্রতিবাদ জানাতে কয়েকজন যুবক দশদা বিদ্যুৎ অফিসে গেলে সেখানে দপ্তরের স্বাভাবিক কাজকর্মের পরিবর্তে মদ্যপানের আসর দেখতে পান বলে তাঁদের দাবি।
ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ নাগরিকদের মধ্যে প্রশ্ন উঠেছে—সাধারণ মানুষের বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করার দায়িত্বে থাকা সরকারি দপ্তরের ভিতরেই যদি কর্মীদের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ ওঠে, তাহলে দপ্তরের কাজকর্ম ও দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।
স্থানীয় বাসিন্দাদের দাবি, অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে ঘটনার সত্যতা যাচাই করা হোক। অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তাঁরা।
এদিকে, গোটা বিষয়টি নিয়ে দশদা বিদ্যুৎ অফিসের SDO মনোজ দাংশুর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
তবে অভিযোগের সত্যতা কী, অফিসে ঠিক কী ঘটেছিল এবং কারা সেখানে উপস্থিত ছিলেন—তা তদন্তের পরই স্পষ্ট হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।