আগরতলা, ৩১ অক্টোবর: গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং ব্যাঙ্কের বিভিন্ন পরিষেবা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাঞ্চনপুরে মেগা গ্রাহক সম্মেলনের আয়োজন করল ত্রিপুরা গ্রামীণ ব্যাংক।
ব্যাংকের চেয়ারম্যান সত্যেন্দ্র সিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন নর্থ রিজিয়নের রিজিওনাল ম্যানেজার সুনন্দিনী দত্ত এবং কাঞ্চনপুর শাখার ব্রাঞ্চ ম্যানেজার পঙ্কজ মালাকার। অনুষ্ঠানে এলাকার বহু গ্রাহক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
সম্মেলনে গ্রাহকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে ব্যাংকের বিভিন্ন আর্থিক পরিষেবা ও ঋণ প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে এমএসএমই ঋণ, মুদ্রা ঋণ, প্রবীণ নাগরিকদের জন্য বিভিন্ন প্রকল্প, বাণিজ্যিক সম্পত্তি সংক্রান্ত ঋণ এবং অন্যান্য ব্যাংকিং পরিষেবার সুযোগ-সুবিধা সম্পর্কে উপস্থিত গ্রাহকদের অবহিত করা হয়।
এদিনের আলোচনায় গ্রাহকরা তাঁদের বিভিন্ন সমস্যা, প্রশ্ন ও পরামর্শ তুলে ধরার সুযোগ পান। ব্যাংকের আধিকারিকরা তাঁদের বক্তব্য শোনার পাশাপাশি বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং প্রয়োজনীয় বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন।
ব্যাংক কর্তৃপক্ষের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো গ্রাহকদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, আর্থিক সচেতনতা বৃদ্ধি করা এবং সহজ ও গ্রাহকবান্ধব ব্যাংকিং পরিষেবা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া। এ ধরনের সম্মেলনের মাধ্যমে গ্রাহকরা ব্যাংকের বিভিন্ন আর্থিক সুযোগ-সুবিধা সম্পর্কে অবগত হওয়ার পাশাপাশি নিজেদের প্রয়োজন অনুযায়ী পরিষেবা গ্রহণ করতে পারবেন বলে আশা প্রকাশ করা হয়।