আগরতলা, ২৪ আগস্ট: ধলাই জেলার উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং বিভিন্ন সরকারি প্রকল্পের অগ্রগতি নিয়ে সোমবার একটি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌরোহিত্য করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা।
সভায় জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বর্তমান পরিস্থিতি ও বাস্তবায়নের অগ্রগতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। পাশাপাশি, চলমান প্রকল্পগুলির কাজ দ্রুত ও কার্যকরভাবে সম্পন্ন করার পাশাপাশি সরকারি পরিষেবা ও প্রকল্পের সুফল যাতে সাধারণ মানুষের কাছে যথাসময়ে পৌঁছে যায়, সে বিষয়েও আলোচনা হয়।
মুখ্যমন্ত্রী সংশ্লিষ্ট দপ্তরগুলির মধ্যে আরও নিবিড় সমন্বয় গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে কোনও ধরনের বিলম্ব যাতে না হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পগুলির বাস্তবায়ন নিশ্চিত করা যায়, সেদিকে সংশ্লিষ্ট আধিকারিকদের বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান তিনি।
সভায় ধলাই জেলার সার্বিক উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বিতভাবে কাজ করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং সরকারি প্রকল্পের সুফল প্রত্যন্ত এলাকায় পৌঁছে দেওয়াকেই উন্নয়ন কর্মকাণ্ডের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে তুলে ধরা হয়।