আগরতলা, ২০ আগস্ট: দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বিভিন্ন দাবি দ্রুত বাস্তবায়নের দাবিতে এবার রাজ্যপালের দ্বারস্থ হলেন আত্মসমর্পণকারী জঙ্গিরা। বৃহস্পতিবার লোকভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে সাক্ষাৎ করে Joint Action Rehabilitation Committee (JARC) এবং Joint Action Committee (JAC)-এর প্রতিনিধিরা নয় দফা দাবিসংবলিত স্মারকলিপি পেশ করেন।
উল্লেখ্য, গত ১৮ আগস্ট জিরানিয়ায় আত্মসমর্পণকারী জঙ্গিদের একাংশ সড়ক অবরোধ করায় যান চলাচলে ব্যাপক সমস্যা দেখা দেয়। পরে রাজ্য সরকারের আশ্বাসের পর অবরোধ প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা। এর কয়েক দিনের মধ্যেই রাজ্যপালের কাছে স্মারকলিপি পেশ করাকে ঘিরে বিষয়টি নতুন করে গুরুত্ব পেয়েছে।
যৌথ সংগঠনের আহ্বায়ক জীবন জয় রিয়াং জানান, রাজ্য সরকারের আহ্বানে সাড়া দিয়ে ১৯৯৫ সালে আত্মসমর্পণ করে তাঁরা মূলস্রোতে ফিরে এসেছিলেন। কিন্তু আত্মসমর্পণের পর প্রায় ৩০-৩১ বছর কেটে গেলেও তাঁদের একাধিক দাবি এখনও পূরণ হয়নি বলে অভিযোগ তাঁর।
প্রতিনিধিদলের পক্ষ থেকে জানানো হয়েছে, নয় দফা দাবিসংবলিত স্মারকলিপির প্রতিলিপি মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা, জনজাতি কল্যাণমন্ত্রী, মুখ্যসচিব এবং রাজ্য পুলিশের মহানির্দেশকের কাছেও জমা দেওয়া হয়েছে।
জীবন জয় রিয়াং জানান, গত জুন মাসে জনজাতি কল্যাণ দফতরের আধিকারিকদের আমন্ত্রণে তাঁদের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নিয়েছিল। কিন্তু সেই বৈঠক থেকে কোনও কার্যকর সমাধান বেরিয়ে আসেনি বলে দাবি সংগঠনের। এরপর স্বাধীনতা দিবসের আগে জাতীয় সড়ক অবরোধের পরিকল্পনাও নেওয়া হয়েছিল।
তবে সাধারণ মানুষের স্বার্থ এবং স্বাধীনতা দিবসের প্রাক্কালে যান চলাচল স্বাভাবিক রাখার কথা বিবেচনা করে পুলিশের আবেদনে সেই কর্মসূচি প্রত্যাহার করা হয় বলে জানান তিনি। সেই সময় স্বাধীনতা দিবসের পর মুখ্যমন্ত্রী তাঁদের সঙ্গে বৈঠক করবেন বলে আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে সেই বৈঠক অনুষ্ঠিত হয়নি বলে অভিযোগ প্রতিনিধিদের।
সংগঠনের নেতৃত্বের বক্তব্য, দীর্ঘদিন ধরে অপেক্ষার পরও যদি তাঁদের দাবিগুলি নিয়ে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তাঁরা। ফলে আত্মসমর্পণকারী জঙ্গিদের নয় দফা দাবি এবং সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে এখন নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।