Home অপরাধআশাবাড়িতে রাস্তা অবরোধ ঘিরে রণক্ষেত্র! সংঘর্ষে আহত তিন বিএসএফ জওয়ান-সহ একাধিক, উত্তেজনা এলাকায়

আশাবাড়িতে রাস্তা অবরোধ ঘিরে রণক্ষেত্র! সংঘর্ষে আহত তিন বিএসএফ জওয়ান-সহ একাধিক, উত্তেজনা এলাকায়

by Debasish
0 comments 3 views

স্থানীয় বাসিন্দাকে মারধরের অভিযোগ ঘিরে উত্তাল আশাবাড়ি, বাঁশ ও লাঠি নিয়ে বিএসএফের গাড়িতে হামলার অভিযোগ, হাসপাতালে জওয়ানরা

আগরতলা, ২ নভেম্বর: স্থানীয় এক বাসিন্দাকে বিএসএফ জওয়ানদের মারধরের অভিযোগকে কেন্দ্র করে সোমবার উত্তপ্ত হয়ে উঠল বক্সনগরের আশাবাড়ি এলাকা। এই ঘটনাকে ঘিরে রাস্তা অবরোধকে কেন্দ্র করে পরিস্থিতি ক্রমশ সংঘর্ষের রূপ নেয়। উত্তেজিত জনতার হামলায় বিএসএফের ৪৯ নম্বর ব্যাটালিয়নের তিন জওয়ান আহত হয়েছেন বলে জানা গেছে। পাল্টা সংঘর্ষে বেশ কয়েকজন আন্দোলনকারীও আহত হয়েছেন বলে খবর। ঘটনার পর থেকেই সীমান্তবর্তী এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল আনুমানিক ১০টা নাগাদ আশাবাড়ি গ্রাম পঞ্চায়েত সংলগ্ন নতুন বাজার এলাকায় এই ঘটনার সূত্রপাত। অভিযোগ, গাছপালা ও আগাছা পরিষ্কারের কাজ করার সময় শাহাজান মিয়ার ছেলে হেফজুর রহমানকে আটক করেন বিএসএফ জওয়ানরা। স্থানীয় বাসিন্দাদের দাবি, আটকের সময় তাঁকে শারীরিকভাবে মারধর করা হয়। এতে তাঁর পায়ের হাড় ভেঙে যায় বলেও অভিযোগ উঠেছে।

এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। দলে দলে মানুষ রাস্তায় নেমে আশাবাড়ি-রহিমপুর সড়ক অবরোধ করেন। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ঘটনার সঠিক ব্যাখ্যার দাবিতে শুরু হয় বিক্ষোভ।

এরই মধ্যে রহিমপুর থেকে বক্সনগরের দিকে যাওয়ার পথে বিএসএফের ৪৯ নম্বর ব্যাটালিয়নের একটি বোলেরো গাড়ি অবরোধের মুখে পড়ে। গাড়িটির নম্বর TR-01-AL-1051। গাড়িতে ছিলেন কোম্পানি কমান্ডার রোহিত, চালক সুনীল কুমার এবং জওয়ান মঞ্জিত। অভিযোগ, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অবরোধকারীদের একাংশ বাঁশ ও লাঠি নিয়ে গাড়ির ভিতরে থাকা বিএসএফ কর্মীদের উপর হামলা চালায়। এতে তিনজনই আহত হন।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আশাবাড়ি বিএসএফ সীমান্ত চৌকি এবং কালামচৌড়া থানার পুলিশ। নিরাপত্তাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করেন। আহত বিএসএফ জওয়ানদের প্রথমে বক্সনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের উন্নত চিকিৎসার জন্য হাঁপানিয়া হাসপাতালে স্থানান্তর করা হয়। সংঘর্ষে কয়েকজন বিক্ষোভকারীও আহত হয়েছেন বলে জানা গেছে।

এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের তরফে কালামচৌড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে সূত্রের খবর। পরবর্তী সময়ে বিএসএফের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেন এবং সংঘর্ষের প্রকৃত কারণ খতিয়ে দেখেন।

যদিও প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর তৎপরতায় আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে, তবে আশাবাড়ি এলাকায় এখনও উত্তেজনা রয়েছে। স্থানীয় বাসিন্দার উপর নির্যাতনের অভিযোগ এবং পরবর্তী সময়ে বিএসএফ জওয়ানদের উপর হামলার ঘটনায় সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

You may also like

Leave a Comment